জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে দক্ষিণ আফ্রিকা

টুর্নামেন্টে দুই দলের ভাগ্য আগেই নির্ধারণ হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার জন্য লড়াইটি ছিল গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে যাওয়ার। পেসারদের নৈপুণ্যে জিম্বাবুয়েকে অল্পতে আটকে রেখে সে পথে একধাপ এগিয়েই ছিল তারা। লক্ষ্য তাড়ায় শুরুর ধাক্কা সামলে ৫ উইকেটের জয়ে এক নম্বর গ্রুপের সেরা দল হয়েছে প্রোটিয়ারা।

রোববার দিল্লিতে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে ১৫৩ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।

সুপার এইটের সব ম্যাচ জিতে এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় আগামী বুধবার কলকাতায় প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে এইডেন মারক্রামের দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দলও তারাই। জিতেছে সাত ম্যাচের সবকটিতেই।

টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে ২৮ রানের ভেতর হারায় দুই ওপেনারকে। তৃতীয় উইকেটে অধিনায়ক সিকান্দার রাজা চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন রান তুলতে হিমশিম খাচ্ছিলেন তার সঙ্গী ডিয়ন মায়ার্স। ১৬ বলে ১১ রান করা ডানহাতি এই ব্যাটারের বিদায়ে ভাঙে ৩৮ রানের জুটি। এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া রাজা ফিফটি তুলে নেন ২৯ বলে। শেষ তার ৪৩ বলের ইনিংসটি থামে ৭৩ রানে। তার বিদায়ের পর শেষ ২১ বলে মাত্র ২৭ রান তুলতে পারেন পরের ব্যাটাররা।

দুটি করে উইকেট নেন কোয়েনা মাফাকা ও কর্বিন বোশ।

লক্ষ্য তাড়ায় নামার ইনিংসে শুরুতেই আঘাত হানেন রাজা। প্রথম তিন ওভারের মধ্যেই কুইন্টন ডি কক (০) ও মারক্রামকে (৪) তুলে নেন জিম্বাবুয়ে অধিনায়ক। ষষ্ঠ ওভারে সাজঘরের পথ দেখেন রায়ান রিকেলটনও (৩১)। পাওয়ারপ্লেতে ৪৩ রানে তিন টপ-অর্ডারকে তুলে নিয়ে নাটকীয় কিছু করে দেখানোর আভাস দেয় জিম্বাবুয়ে। কিন্তু পরের ব্যাটারদের দৃঢ়তায় তা আর হয়নি।

১০১ রানে পঞ্চম উইকেটের পর আর কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন ট্রিস্ট্যান স্টাবস (২১*) ও জর্জ লিন্ডে (৩০*)।

ব্যাট হাতে ৭৩ রানের পর অফস্পিনে ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রাজা।

মন্তব্য করুন: