বিশ্বকাপ থেকে বিদায়ের দায় নিজের কাঁধে নিলেন উইন্ডিজ অধিনায়ক
২ মার্চ ২০২৬
অলিখিত কোয়ার্টার-ফাইনালে ১৯৫ রান করেও ভারতের কাছে হেরে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বড় সংগ্রহ গড়ার পরও হারের দায় নিজ কাঁধেই নিয়েছেন দলটির অধিনায়ক শাই হোপ।
রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে সুপার এইটের শেষ ম্যাচে নিয়মিত ওপেনার ব্র্যান্ডন কিংকে ছাড়াই একাদশ সাজায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে হোপের সঙ্গে ইনিংস শুরু করতে আসেন আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনও ওপেনিং না করা রোস্টন চেইস। কিন্তু উদ্বোধনী জুটি থেকে ৬৮ রান এলেও দুজনের পারফরম্যান্সে দেখা মেলে ভিন্ন চিত্র।
জাতীয় দলের জার্সিতে প্রথমবার ওপেনিংয়ে নেমে বেশ স্বাচ্ছন্দেই খেলতে থাকেন চেইস। অন্যদিকে ধুঁকতে দেখা যায় হোপকে। শেষ পর্যন্ত নবম ওভারে আউট হন তিনি ৩৩ বলে ৩২ রান করে। যার মধ্যে ১৭ বলে কোনো রানই নিতে পারেননি ক্যারিবিয়ান অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিজে যাওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনেরই স্ট্রাইক রেট ছিল দেড়শর উপরে। সেখানে হোপের স্ট্রাইক রেট ছিল একশর নিচে।
রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের শেষের ঝড়ে ১৯৫ রান পর্যন্ত যেতে পারলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিজেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ভারত। শেষ দল হিসেবে জায়গা করে নেয় সেমি-ফাইনালে।
দলের বিদায়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্নে অকপটেই নিজের ঘাটতি মেনে নেন হোপ।
“হ্যাঁ, দায় আমি নিচ্ছি। আমার আরও দ্রুত ব্যাটিং করা উচিত ছিল। তবে এরকম পরিস্থিতিতে, যখন কেউ ধুঁকছে… সেদিক থেকে মনে হয় না খুব খারাপ ব্যাট করেছি। স্রেফ শটগুলো ফিল্ডার সোজা মারছিলাম।”
“মাঝেমধ্যে যেরকম হয়, কখনও কখনও বল মারলেও জায়গামতো যায় না। মাঠে নেমে প্রতিটি বলেই হিট করতে পারলে তো ভালোই লাগত। কিন্তু এটা কোনোভাবেই হচ্ছিল না। আমি ফিল্ডারের কাছে সরাসরি মেরেছি কিছু শট, সেটাও পরিস্থিতি কঠিন করে তুলেছে আরও। এছাড়া সত্যি বলতে, ভারত বেশ ভালো বোলিংও করেছে।”
তবে নিজের ব্যর্থতা মেনে নিলেও শেষ দিকে আরও কিছু রান হলে ভালো হতে বলে মনে করেন হোপ। ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭০ রান তুলেছিলেন পাওয়েল ও হোল্ডার।
“আমরা বেশ ভালো ভিত পেয়েছিলাম। পাওয়ারপ্লেতে আমি আরও মসৃণ গতিতে এগোতে পারলে অবশ্যই ভালো হতো। তবে তারপরও কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান ছিল আমাদের। এই দলের ব্যাটিং গভীরতা যতটা, শুরুটায় তাই এটা খুব বড় সমস্যা হিসেবে দেখি না। অবশ্যই আরও বড় স্কোরের চেষ্টা করছিলাম। এসব মানদণ্ডই আমরা বেঁধে দিয়েছি দল হিসেবে।”















মন্তব্য করুন: