প্রথমবার আফগানিস্তানের সঙ্গে ভারতের ওয়ানডে সিরিজ

প্রথমবার আফগানিস্তানের সঙ্গে ভারতের ওয়ানডে সিরিজ

প্রথমবারের মতো আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। ঘরের মাঠে আগামী জুনে দেশটির বিপক্ষে একটি টেস্টও খেলবে তারা।

সোমবার আফগানিস্তানের ভারত সফরের সূচি প্রকাশ করে বিসিসিআই। সফরের একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ৬ জুন, চন্ডিগড়ে। এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

এর আগে ২০১৮ সালে আফগানিস্তানের সঙ্গে প্রথমবার সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি হয় ভারত। একমাত্র টেস্টটিতে ইনিংস ও ২৬২ রানে হেরেছিল আফগানরা।

ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ম্যাচ ১৪ (ধর্মশালা), ১৭ (লক্ষ্ণৌ) ২০ (চেন্নাই) জুন।

এর আগে এশিয়া কাপ ও বিশ্বকাপে ওয়ানডে খেলেছিল ভারত-আফগানিস্তান। চারবারের দেখায় তিনটিতে জিতেছে ভারত, একটি হয়েছে টাই। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে।

চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে ভারত। এর আগে আইপিএলে ব্যস্ত থাকবেন দেশটির ক্রিকেটাররা।

বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে। আগামী ১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া সিরিজে তিনটি করে ওয়ানডে টি-টুয়েন্টি খেলবে দুই দল।

মন্তব্য করুন: