শান্তর দলকে হারিয়ে বিসিএলের শিরোপা মধ্যাঞ্চলের
৩ মার্চ ২০২৬
নাজমুল হোসেন শান্তর উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতেছে মধ্যাঞ্চল।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২৩৮ রানে অলআউট হয় উত্তরাঞ্চল। জবাবে নাঈম শেখ ও সাইফ হাসানের নৈপুণ্যে ১২ ওভার আগে লক্ষ্যে পৌঁছায় মধ্যাঞ্চল।
অফ স্পিনে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড় হয়েছেন সাইফ।
তাসকিন আহমেদ ও রিপন মণ্ডলের পেস তোপে টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চলের হয়ে তাওহিদ হৃদয় ছাড়া তেমন কেউ সুবিধা করতে পারেনি। সেঞ্চুরির পথে থাকা ডানহাতি এই ব্যাটার ৯৮ বলে ৯৬ রান করে আউট হলে ৩ বল আগে অলআউট হয় দলটি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করে অধিনায়ক শান্ত। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিম (২৩), মেহরব হাসান (২৮) ও সাব্বির রহমান (২৪) ব্যাট হাতে শুরু পেলেও নিজেদের ইনিংস বড় করতে ব্যর্থ হন।
৪১ রানে ৪ উইকেট নেন রিপন। তাসকিন ও রকিবুল হাসানের শিকার দুটি করে উইকেট।
লক্ষ্য তাড়ায় শুরুতে জিশান আলমকে (১৪) হারালেও নাঈম-সাইফের ব্যাটে সেই ধাক্কা কাটিয়ে ওঠে মধ্যাঞ্চল। দ্বিতীয় উইকেটে এই ব্যাটারের ১৬৪ রানের জুটিতে জয়ের ভিত পায় তারা। ৭৮ রান করা নাঈমকে বোল্ড করে এই জুটি ভাঙেন রিশাদ। এর এক ওভার পর সাইফকে তুলে নেন শরিফুল ইসলাম। তবে শেষ পর্যন্ত নাটকীয় কিছু করে দেখাতে পারেননি উত্তরাঞ্চলের বোলাররা।
দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও রিশাদ।















মন্তব্য করুন: