৬ নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান
৪ মার্চ ২০২৬
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে জায়গা হয়নি তারকা ব্যাটার বাবর আজমের।
মঙ্গলবার শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে এক বিবৃতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাবর ছাড়াও দল থেকে বাদ পড়েছেন সাইম আইয়ুব। এই দুই ক্রিকেটারই সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে ব্যর্থ ছিলেন।
টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন সাহিবজাদা ফারহান। ডানহাতি এই ওপেনার ছাড়া দলে থাকা নতুন পাঁচ ক্রিকেটার হলেন – আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, শ্যামল হুসাইন।
এদের মধ্যে সম্প্রতি আবু ধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেছেন দুই ওপেনার শ্যামল ও সাদাকাত, মিডল-অর্ডার ব্যাটার সামাদ এবং লেগ স্পিন-অলরাউন্ডার মাসুদ। অন্যদিকে উইকেটকিপারের ভূমিকায় খেলেন গাজী গরি।
চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে ৩৮৩ রান নিয়ে আসর শেষ করেন ফারহান, যা টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। এছাড়া একই আসরে প্রথম ব্যাটার হিসেবে দুটি সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েন তিনি।
গত মাসে সিরিজের সূচি চূড়ান্ত করার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল আগামী সোমবার দেশে আসবে পাকিস্তান। কিন্তু পিসিবি জানিয়েছে, নির্ধারিত দিনের একদিন আগে, অর্থাৎ রোববার ঢাকায় পা রাখতে পাকিস্তান।
আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শ্যামল হুসাইন।















মন্তব্য করুন: