শেষ ৬ ওয়ানডেতে ৬ রান করা লিটনকে নিয়ে ভিন্ন পরিকল্পনা
৫ মার্চ ২০২৬
ওয়ানডেতে ব্যাট হাতে টানা বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়া লিটন দাসকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দলে ফিরিয়েছে বাংলাদেশ। ক্যারিয়ারের বেশিরভাগ সময় এই ফরম্যাটের টপ-অর্ডারে খেলা এই ব্যাটারকে দলে নেওয়া হয়েছে মিডল অর্ডারের জন্য।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এর মধ্যে দিয়ে আট মাস পর ওয়ানডে দলে ফেরেন লিটন।
২০২৪ ও ২০২৫ সাল মিলিয়ে ওয়ানডেতে মোট ছয়টি ম্যাচ খেলা লিটন রান করেন মাত্র ৬, যার মধ্যে চারটি ইনিংসে ফেরেন রানের খাতা খোলার আগেই। এর মধ্যে পাঁচটি ইনিংসেই তিনি খেলেন টপ-অর্ডারের। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা জাতীয় দলের জার্সিতে শেষ ওয়ানডেতে চার নম্বরে ব্যাটিংয়ে নামলেও সেদিনও ফেরেন শূন্য রানে।
সবশেষ ৫০ ওভারের ফরম্যাটের বিসিএলেও ব্যাট হাতে খুব একটা সফল ছিলেন না লিটন। উত্তরাঞ্চলের হয়ে তিন ইনিংসে এক ফিফটিতে করেন ৬৫ রান, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৫৫ রানের।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে মিডল-অর্ডার নিয়ে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। গত বছর খেলা ১১ ম্যাচে চার থেকে সাত নম্বর পজিশনে ব্যাট করেছেন মোট ১২ জন। ২২.৫৮ গড় ও ৬৬.৩৭ স্ট্রাইক রেটে তারা সবাই মিলে ৪৪ ইনিংসে মোটে রান করতে পারেন ৯৭১।
দল ঘোষণার বিবৃতিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, মিডল-অর্ডারে ব্যাটারদের ব্যর্থতাই মূলত লিটনের জন্য আবার ওয়ানডে দলের দরজা খুলে দিয়েছে।
“আমরা মিডল অর্ডারে বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কেউ নিজেদের জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট পারফর্ম করতে পারেনি।… লিটন দাস হয়তো সাম্প্রতিক ওয়ানডেগুলোতে তার সেরাটা দিতে পারেনি। কিন্তু এই ফরম্যাটে প্রায় ১০০টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা আপনি উপেক্ষা করতে পারবেন না। সে তার খেলা নিয়ে কোচদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি, সে শীঘ্রই তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করবে। আমরা তাকে মিডল-অর্ডার শক্তিশালী করার একটি বিকল্প হিসেবে বিবেচনা করছি।”
এখন পর্যন্ত ৯৫ ওয়ানডে খেলা লিটন ২৯.৮৭ গড়ে ২ হাজার ৯৯০ রান করেছেন। ১২টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন ৫টি সেঞ্চুরি।















মন্তব্য করুন: