ধৈর্য আর পরিশ্রমের ফল পেলেন স্যামসন
৬ মার্চ ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে ভারতকে সেমি-ফাইনালে তোলা সাঞ্জু স্যামসন এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলকে ফাইনালে তুলতে। ইংল্যান্ডের বিপক্ষে রানবন্যার ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর এই ওপেনার জানিয়েছেন, এটি তার কয়েক বছরের নিভৃত পরিশ্রমের ফল।
বৃহস্পতিবার মুম্বাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে স্যামসনের ৪২ বলে ৮৯ রানের ওপর ভর করে ৭ উইকেটে ২৫৩ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে শুরুতে খেই হারিয়ে ফেলা ইংল্যান্ড জ্যাকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরিতে অবিশ্বাস্য কিছু করার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৭ রানের জয় পায় স্বাগতিকরা।
এরই সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে চার আসরে ফাইনালে ওঠার মাইলফলক স্পর্শ করেছে ভারত। শুধু তাই নয়, টুর্নামেন্টের ইতিহাসের প্রথম শিরোপাধারী দল হিসেবে ফাইনালে খেলবে তারা।
ম্যাচের পর সাংবাদিকদের স্যামসন বলেন, “আমি গত কয়েক বছর ধরে দেশের জন্য এইরকম কিছু করার চেষ্টা করছি... অনেক ধৈর্য, নিজের ভেতর কাজ করা, প্রশিক্ষণ এবং অনুশীলনের ফল এটি। অবশ্যই আমি কৃতজ্ঞ বোধ করছি। কিন্তু আমাদের আরও একটি ধাপ পার হতে হবে। যদি আমরা সেটি করতে পারি, তবে আমি মনে করি সব পরিশ্রম, সবকিছুই সার্থক হবে।”
সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলিখিত কোয়ার্টার-ফাইনাল অপরাজিত ৯৭ রানের ইনিংসটি সেমি-ফাইনালে আত্মবিশ্বাস জুগিয়েছে বলে জানান স্যামসন।
“গত ইনিংসটি অবশ্যই আজ ভালো ভূমিকা রেখেছে। আমি জানতাম যে আমি বল ভালোভাবে টাইমিং করছি এবং সঠিক সিদ্ধান্ত নিচ্ছি। আপনি যদি ফর্মে থাকেন, তবে অবশ্যই আপনার আবারও অবদান রাখা উচিত।”
তবে ২০২৫ সালটা বেশ কঠিন ছিল স্যামসনের জন্য। ১১ ইনিংসে ২০ দশমিক ১৮ গড় ও ১২৬ দশমিক ৮৫ স্ট্রাইক রেটে রান করেন ২২২, ফিফটি হাঁকাতে পারেন একটি। বিশ্বকাপ শুরুর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও ধুঁকছিলেন তিনি। তবে সেই সময়টিই তাকে কৌশল ও মানসিকতায় পরিবর্তন আনতে বাধ্য করেছে বলে জানান ৩১ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।
“নিউ জিল্যান্ড সিরিজে আমি একটু বেশিই চেষ্টা করছিলাম। আমি একটি প্রভাব ফেলতে চেয়েছিলাম এবং বিশ্বকাপের একাদশে জায়গা করে নিতে চেয়েছিলাম। এমনকি বিশ্বের সেরারাও এই ফরম্যাটে রান করতে হিমশিম খায়। আমাকে খেলাটিকে সম্মান জানাতে হয়েছিল এবং নিজের মৌলিক বিষয়ে ফিরে আসতে হয়েছিল।”















মন্তব্য করুন: