অবশেষে দেশে ফিরছেন উইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা
৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশপথ বন্ধ থাকায় টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতে আটকা পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অবশেষে দেশে ফেরার পথ খুলেছে। আগামী মঙ্গলবার ভোরে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা জোহানেসবার্গের উদ্দেশে কলকাতা ত্যাগ করবেন। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দল অ্যান্টিগার উদ্দেশ্যে যাত্রা করবে।
দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টসহ বিশ্বকাপ দলের তিন সদস্য — কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডে রোববারই ভারত ত্যাগ করবেন এবং সরাসরি নিউ জিল্যান্ডে যাবেন। সেখানে আগামী ১৫ মার্চ থেকে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অংশ নেবেন তারা।
গত ২৮ ফেব্রুয়ারি সকালে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বাহিনী ইরানে ক্ষেপনাস্ত্র হামলা চালায়। এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায় দেশটি। এরপর থেকে প্রায়ই বন্ধ থাকছে এই অঞ্চলের আকাশপথ।
গত ১ মার্চ ভারতের কাছে সুপার এইটের শেষ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ওয়েস্ট ইন্ডিজ গত এক সপ্তাহ ধরে কলকাতায় রয়েছে। অন্যদিকে গত বুধবার প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হারের পর থেকে দক্ষিণ আফ্রিকা দলও আটকা পড়েছে।
দেশে ফিরতে দেরি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের হতাশা প্রকাশ করেছেন। এছাড়া কুইন্টন ডি কক এবং ডেভিড মিলারের মতো প্রোটিয়া তারকারাও ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
গত বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের জন্য একটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা সফল হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই) একই দিনে জানায়, আইসিসি কর্মকর্তা, দল ব্যবস্থাপনা এবং খেলোয়াড়দের প্রতিনিধিদের নিয়ে একটি ‘উচ্চ-পর্যায়ের আলোচনার’ পর নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে প্রথম দল হিসেবে ভারতে আটকা পড়েছিল জিম্বাবুয়ে দল। পরে ইথিওপিয়া হয়ে তারা দেশে ফেরে।















মন্তব্য করুন: