টানা ৫ বলে ৫ উইকেটে বিশ্বরেকর্ড
৮ মার্চ ২০২৬
প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৪ বলে ৪ উইকেট নেওয়ার নজির আছে বেশ কিছু। তবে নিউ জিল্যান্ডের ব্রেট র্যান্ডেল এমন এক কীর্তি গড়েছেন, যা এই ফরম্যাটের ২৫৪ বছরের ইতিহাসে আগে দেখা যায়নি।
রোববার নেপিয়ারে প্লাঙ্কেট শিল্ডে নর্দান ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন টানা ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের র্যান্ডেল।
প্রথম শ্রেণির ক্রিকেটের শুরুর ম্যাচটি ধরা হয় ১৭৭২ সালের জুনে। সেই থেকে এখন পর্যন্ত এবারই প্রথম এমন নজির দেখা গেল। সেখানেই থামেননি র্যান্ডেল। এরপর ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৮ বলে ৬ উইকেট নেওয়ারও কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার।
র্যান্ডেল টানা ৫টি শিকার ধরেছেন ২ ওভার মিলিয়ে। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন হেনরি কুপারকে। পরের ওভারের প্রথম বলে তিনি বোল্ড করেন নিউ জিল্যান্ডের হয়ে ২৪ টেস্ট খেলা ব্যাটসম্যান জিত রাভালকে। এরপর জো কার্টারকে কট বিহাইন্ড করিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
স্লিপে ক্যাচ থেকে চতুর্থ উইকেটটি নেন র্যান্ডেল। পঞ্চম উইকেট পেতে ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করেন তিনি।
ক্রিকেটের পরিভাষায় টানা ৪ বলে ৪ উইকেটকে বলা হয় ডাবল হ্যাটট্রিক। টানা ৫ বা তার বেশি উইকেট নেওয়াকে বলা হয় ট্রিপল হ্যাটট্রিক।
পরের ওভারের প্রথম বলে বেন পোমারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ষষ্ঠ শিকার ধরেন র্যান্ডেল। সেই ওভারের পঞ্চম বলে নেন আরেকটি উইকেট। ইনিংস শেষ করেন ২৫ রানে ৭ উইকেট নিয়ে।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ইনিংসে ৩০ বছর বয়সী র্যান্ডালের ৫ উইকেট ছিল দুইবার।
এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৪ বলে উইকেটের নজির ছিল ৪৪টি। এর মধ্যে বাংলাদেশেরও আছেন একজন। ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের হয়ে টানা ৪ বলে উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ।
প্রথম শ্রেণির ক্রিকেটে র্যান্ডেল প্রথম হলেও স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটে আগে এই ৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন আয়ারল্যান্ডের কার্টি ক্যাম্ফার, গত জুলাইয়ে ডাবলিনে ইন্টার-প্রভিন্সিয়াল টি-টুয়েন্টি ট্রফিতে।
নারী ক্রিকেটে জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার কেলিস এনডিলোভু সবার আগে এই কীর্তি গড়েন ২০২৪ সালে, জিম্বাবুয়ে ক্রিকেট উইমেনস টি-টুয়েন্টি কাপে।















মন্তব্য করুন: