শিরোপা জিততে কী করতে হতো, তা জানতেন বুমরাহ
৯ মার্চ ২০২৬
আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল যশপ্রীত বুমরাহর। তিন বছর পর নিজ ঘরের মাঠে অসাধারণ বোলিংয়ে ভারতকে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে বড় ভূমিকা রেখেছেন ডানহাতি এই পেসার। ম্যাচসেরার পুরস্কার জিতে জানিয়েছেন, নিজের পরিকল্পনায় স্পষ্ট ছিলেন তিনি।
রোববার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউ জিল্যান্ডকে রেকর্ড ৯৬ রানের ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে তৃতীয়বারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ২৫৬ রানের লক্ষ্য দিয়ে কিউইদের এক ওভার আগে ১৫৯ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।
পাওয়ারপ্লেতে ২ ওভার বোলিং করে ৯ রানে ১ উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন বুমরাহ। এরপর নিজের শেষ ২ ওভারে বাকি তিনটি উইকেট নেন বোল্ড করে। চার ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ডানহাতি এই পেসার। এটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারে তার সেরা বোলিং।
এদিন টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় বোলার হিসেবে ৪ উইকেট নেন বুমরাহ। ২০১২ আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।
ভারতের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ট্র্যাভিস হেডের ঝড়ে ষষ্ঠ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ৯ ওভারে ৪৩ রানে ২ উইকেট নিয়েছিলেন বুমরাহ। সেবার শিরোপা জিততে না পারার আক্ষেপ এখনও আছে তার মধ্যে।
ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় বুমরাহ বলেন, “নিজেকে খুবই স্পেশাল মনে হচ্ছে। কারণ আমার ঘরের মাঠে আগেও একটি ফাইনাল খেলেছিলাম, কিন্তু সেটা জিততে পারিনি। তবে আজকের এটায় খুবই স্পেশাল অনুভূতি হচ্ছে। খুবই অনুপ্রাণিত ছিলাম। আমি যা করতে চাচ্ছিলাম সে বিষয়ে একদম স্পষ্ট ছিলাম।”
“এই উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক। তাই নিজের সব অভিজ্ঞতা কাজে লাগাতে হয়েছে। এই টুর্নামেন্টের আগে আমি এমন অবস্থায় ছিলাম, মনে হচ্ছিল নিজের ওপর বেশি জোর দিচ্ছি। বোলিং ভালোই করছিলাম। কিন্তু মনে হচ্ছিল অতিরিক্ত চেষ্টা করছি। এই টুর্নামেন্টে স্রেফ পরিস্থিতি অনুযায়ী নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি আর সেটাই কাজে দিয়েছে…ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে ম্যাচ সেরা হওয়ার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।”
ভারতকে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।















মন্তব্য করুন: