২ বছরের চুক্তিতে শ্রীলঙ্কার দায়িত্বে কারস্টেন
১০ মার্চ ২০২৬
শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার গ্যারি কারস্টেন।
সোমবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ জয়ী এই কোচকে নিয়োগ দেওয়ার কথা জানায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ১৫ এপ্রিল থেকে কারস্টেনের দুই বছরের চুক্তির মেয়াদ শুরু হবে, যা চলবে ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত।
ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের কাছে হেরে সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর শ্রীলঙ্কার হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সনাৎ জয়াসুরিয়া।
কারস্টেনের অধীনে ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। এছাড়া তার অধীনে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল দক্ষিণ আফ্রিকা। সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনি নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন।
খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ১০০ টেস্ট ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হলেন কারস্টেন। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন ১৪ হাজারেরও বেশি।
শ্রীলঙ্কার ক্রিকেটের বড় সাফল্যগুলোর বেশিরভাগই এসেছে বিদেশি কোচদের হাত ধরে। ১৯৯৬ বিশ্বকাপের শিরোপা তারা জেতে ডেভ হোয়াটমোরের অধীনে। দেশটি ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে টম মুডির অধীনে। ২০১১ সালের পরের আসরে দলটি ফাইনালে খেলে ট্রেভর বেলিসের অধীনে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। নিজ দেশের কন্ডিশন সম্পর্কে কারস্টেনের গভীর জ্ঞান শ্রীলঙ্কাকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছে এসএলসি। তবে বোর্ডের চাওয়া তিনি দলের মধ্যে একটি জেতার মনোভাবের সংস্কৃতি তৈরি করতে পারবেন, যেমনটা তিনি ভারত ও দক্ষিণ আফ্রিকায় করেছিলেন।















মন্তব্য করুন: