দুর্দান্ত বিশ্বকাপ শেষে অভিষেকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ঈশান
১১ মার্চ ২০২৬
ভারতকে টানা দ্বিতীয় টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতাতে ব্যাট হাতে অবদান রেখে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ঈশান কিশানের। ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট নিয়ে বাঁহাতি এই ব্যাটার নিঃশ্বাস ফেলছেন টি-টুয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অভিষেক শর্মার ঘাড়ে।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ঈশান। তার রেটিং পয়েন্ট ৮৭১। এই ব্যাটারের চেয়ে ৪ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছেন অভিষেক। গত রোববার নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ১৮ বলে ফিফটি হাঁকিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাঁহাতি এই ওপেনার।
শিরোপা লড়াইয়ের ম্যাচে ২৫ বলে ৫৪ রান করা ঈশান পুরো টুর্নামেন্টে রান করেন ৩১৭, যা আসরে চতুর্থ সর্বোচ্চ। অন্যদিকে আসরজুড়ে ব্যর্থ অভিষেক ৮ ইনিংসে করেন ১৪১ রান।
ঈশানের উন্নতিতে এক ধাপ করে নিচে নেমে গেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান (তৃতীয়) ও ইংল্যান্ডের ফিল সল্ট (চতুর্থ)। পাঁচ নম্বরে আছে শ্রীলঙ্কার পাতুম নিসাঙ্কা। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৩২৬ করা নিউ জিল্যান্ডের টিম সাইফার্ট চার ধাপ এগিয়ে আছেন ষষ্ঠ স্থানে।
শেষ তিন ম্যাচের দুর্দান্ত তিন ইনিংসে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া সাঞ্জু স্যামসনের উন্নতি হয়েছে ১৮ ধাপ। ৩২১ রান করে আসর শেষ করা এই উইকেটকিপার-ব্যাটার আছেন ২২ নম্বরে।
তবে যৌথভাবে সর্বোচ্চ শিকারি হয়ে আসর শেষ করলেও টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। ৭৪০ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন এই স্পিনার। গ্রুপপর্বের পর কোনো ম্যাচ না খেললেও তাকে সরিয়ে ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে এখন আফগানিস্তানের রশিদ খান।
বরুণের সমান ১৪ উইকেট নিয়ে আসর শেষ করা যশপ্রীত বুমরাহর উন্নতি হয়েছে এক ধাপ। ফাইনালে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া এই পেসার আছেন ছয় নম্বরে।
এই তালিকায় ৯ নম্বরে আছেন বিশ্বকাপে না খেলা বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ আটে কোনো পরিবর্তন আসেনি। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। পরের অবস্থানে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। তিন ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।















মন্তব্য করুন: