নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার
১৫ মার্চ ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে প্রথমবারের মতো মাঠে নামা দুই দলেই ছিল না টুর্নামেন্টে খেলা অধিকাংশ ক্রিকেটার। এমন ম্যাচে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে নিউ জিল্যান্ডকে একশর আগেই গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ২০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা।
নতুন পাঁচ ক্রিকেটারকে নিয়ে সফরে আসা দক্ষিণ আফ্রিকা দলে এদিন অভিষেক হয় চার জনের। তারা হলেন – উইকেটকিপার-ব্যাটার কনর এস্টারহুইজেন, অলরাউন্ডার ডিয়ান ফরেস্টার, ব্যাটার জর্ডান হারমান এবং তরুণ পেসার এনকোবানি মোকোয়েনা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে জেরাল্ড কুটসিয়া ও ওটনিল বার্টমানের পেস তোপে পাওয়ারপ্লেতে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় নিউ জিল্যান্ড। এরপর অধিনায়ক মিচেল স্যান্টনারের ১৫ রান করে সাজঘরে ফেরার পর দলের হাল ধরার চেষ্টা করেন জিমি নিশাম ও কোল ম্যাককনকি। কিন্তু অভিষিক্ত মোকোয়েনার পেস তোপে বেশি দূর যেতে পারেননি তারা।
২৬ রান করা নিশামকে ফিরিয়ে ২৬ রানের এই জুটি ভাঙেন মোকোয়েনা। এরপর ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৪ ওভার ৩ বলে গুটিয়ে যায় স্বাগতিকরা। ম্যাককনকি করেন ১৫ রান।
ডানহাতি পেসে ৩ উইকেট নিয়ে অভিষেকেই ম্যাচসেরা হন মোকোয়েনা। দুটি করে শিকার ধরেন কুটসিয়া, বার্টমান ও অধিনায়ক কেশব মহারাজ।
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে টনি ডি জর্জির (২) উইকেট হারালেও এস্টারহুইজেনের ব্যাটে চাপে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ডানহাতি এই ব্যাটারের অপরাজিত ৪৫ রানের সুবাদে ১৬ ওভার ৪ বলে লক্ষ্যে পৌঁছায় তারা।
হ্যামিল্টনে আগামী মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।















মন্তব্য করুন: