আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

১৫ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিন ফরম্যাটে দেশকে মোট ১০০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

রোববার এক বিবৃতিতে নিজের অবসরের কথা জানান সরফরাজ। দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি ঘরোয়া ক্রিকেটেও ছন্দে নেই।

ইমরান খানের পর পাকিস্তানের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দেশকে ৫০ ওভারের ক্রিকেটের আইসিসি ট্রফি জেতান সরফরাজ। 

বিদায়ী বার্তায় লম্বা সময় পাকিস্তানের হয়ে খেলতে পেরে গর্বের কথা জানিয়ে এই উইকেটকিপার-ব্যাটার বলেন, “পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করা থেকে শুরু করে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, পাকিস্তানের জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ কিছু।

সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব করা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। সবসময় নির্ভীক ক্রিকেট খেলার এবং একটি ঐক্যবদ্ধ দল গড়ার চেষ্টা করেছি। বাবর আজম, শাহিন আফ্রিদি, হাসান আলীর মতো ক্রিকেটারদের ম্যাচ উইনার হিসেবে গড়ে উঠতে দেখা আমার অন্যতম বড় প্রাপ্তি।

২০০৭ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় সরফরাজের। জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নামেন ২০২৩ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে।

দেশের হয়ে ৫৪ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৬১ টি-টুয়েন্টি খেলা ডানহাতি এই ব্যাটার ছয়টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটিতে মোট ৬ হাজার ১৬৪ আন্তর্জাতিক রান করেছেন। গ্লাভস হাতে ৩১৫ ক্যাচ নিয়েছেন ও ৫৬ স্টাম্পিং করেছেন তিনি।

সরফরাজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন চ্যাম্পিয়নস ট্রফি জয়। ২০১৭ সালের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে আট বছরের আইসিসি শিরোপা খরা কাটায় পাকিস্তান।

এর আগে ২০০৬ সালের যুব বিশ্বকাপ জয়েও পাকিস্তানকে নেতৃত্ব দেন সরফরাজ।

সব মিলিয়ে ৫০ ওয়ানডে, ৩৭ টি-টুয়েন্টি ও ১৩ টেস্টে দেশকে নেতৃত্ব দেন সরফরাজ। তার অধিনায়কত্বের সময় টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে পাকিস্তান। তার অধীনে এই ফরম্যাটে টানা ১১ সিরিজ জয়ের বিশ্ব রেকর্ডও গড়ে তারা।

মন্তব্য করুন: