সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের
১৬ মার্চ ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। ফলে আগামী বছর আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এগিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১ রানে জেতে স্বাগতিকরা। ২-১ ব্যবধানে সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।
ওয়েস্ট ইন্ডিজকে টপকে র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে আছে টাইগাররা। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৯। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গেছে ক্যারিবিয়ানরা।
সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা মিরাজের দলের রেটিং পয়েন্ট ছিল ৭৬। সিরিজ হারলেও র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানেই আছে পাকিস্তান। তবে তাদের রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে ১০২।
আগামী বছরের ৩১ মার্চ তারিখে র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা ১০টি দলের নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি ৪টি দল আসবে বাছাইপর্ব থেকে।















মন্তব্য করুন: