বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যাওয়া রিভিউ নিয়ে অভিযোগ পাকিস্তানের

১৬ মার্চ ২০২৬

বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যাওয়া রিভিউ নিয়ে অভিযোগ পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শেষ ওভারের পঞ্চম বলে বাংলাদেশের রিভিউ নেওয়ার ঘটনায় ম্যাচ রেফারির কাছে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান।

রোববারের ম্যাচ শেষে এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, বড় পর্দায় রিপ্লে দেখার পর বাংলাদেশ দল রিভিউটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে অভিযোগ করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

এই রিভিউ নেওয়ার পর বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ১৪ রান দরকার ছিল সফরকারীদের। রিশাদ হোসেনের করা ওভারের প্রথম ৪ বলে ২ রান নিতে পারেন শাহিন শাহ আফ্রিদি। লেগ স্টাম্পে করা পঞ্চম ডেলিভারিটি কোনে কিছুতে না লেগে বাঁক নিয়ে বাঁহাতি এই ব্যাটারের লেগ সাইড দিয়ে চলে গেছে মনে হলে আম্পায়ার কুমার ধর্মসেনা সেটিকে ওয়াইড ঘোষণা করেন। 

তবে উইকেটকিপার লিটন দাস ও অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এলবিডব্লিউর জন্য রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও খালি চোখে মনে হচ্ছিল বলটি শাহিনের পা বা শরীরের কোনো অংশেই লাগেনি।

সাধারণ নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের ওপর কোনো প্রভাব পড়া ঠেকাতে কোনো রিপ্লে দেখার আগেই রিভিউয়ের সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তান যুক্তি দিয়েছে যে, বলটি প্রাথমিকভাবে ওয়াইড দেওয়ার কারণে স্বাভাবিক নিয়ম অনুসরণ করা হয়নি এবং বড় পর্দায় বলটি ব্যাটের পাশ দিয়ে যাওয়ার দৃশ্য দেখে বাংলাদেশ রিভিউ নেওয়ার মতো প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকতে পারে। এছাড়া ১৫ সেকেন্ডের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রিভিউ গ্রহণ করা হয়েছে বলেও পাকিস্তান অভিযোগ তুলেছে।

তবে ম্যাচটি সম্প্রচারের সময় কোনো টাইমার প্রদর্শিত না হওয়ায় সময় শেষ হওয়ার বিষয়টি স্বতন্ত্রভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

রিভিউ নেওয়া হলে সেখানে দেখা যায়, বলটি যখন ব্যাটের নিচ দিয়ে যাচ্ছিল তখন একটি স্পাইক দেখা যায়, যার অর্থ বলটি ব্যাটের নিচের অংশ স্পর্শ করেছে এবং এটি ওয়াইড হতে পারে না। ফলে ওয়াইডের সিদ্ধান্তটি বাতিল হয়ে যায় এবং শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান। শেষ বলটি ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন শাহিন।

শেষ পর্যন্ত ১১ রানের জয়ে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

তবে অভিযোগ দায়ের করলেও ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে পাকিস্তান কীরকম শাস্তির আশা করছেন তা এখনও স্পষ্ট হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পিসিবি এখন ম্যাচ রেফারির কাছে এই বিষয়ে একটি প্রকাশ্য স্বীকৃতি আশা করছে যে সেখানে একটি ভুল করা হয়েছিল।

মন্তব্য করুন: