সেঞ্চুরি করে তানজিদ জানালেন, আরও আগে করা উচিত ছিল

১৬ মার্চ ২০২৬

সেঞ্চুরি করে তানজিদ জানালেন, আরও আগে করা উচিত ছিল

বয়সভিত্তিক দলে আগ্রাসী ব্যাটিংয়ে আলো ছড়িয়ে প্রায় তিন বছর আগে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। জাতীয় দলের জার্সিতে সেই আগ্রাসন ধরে রাখলেও ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারছিলেন না তিনি। অবশেষে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেই খরা কাটিয়ে সেঞ্চুরি হাঁকানোর পর বাঁহাতি এই ওপেনারের উপলব্ধি, এটি আরও আগেই করা উচিত ছিল।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তানজিদ। শেষ পর্যন্ত বাঁহাতি এই ওপেনার থামেন ১০৭ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে।

২০২৩ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তানজিদ ৭৬তম ম্যাচে এসে প্রথমবার সেঞ্চুরির স্বাদ পেলেন। ওয়ানডেতে পেলেন ৩১তম ম্যাচে।

এর আগে ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ১৬টি ফিফটি হাঁকান তানজিদ। ওয়ানডেতে ৩০ ইনিংসে ফিফটির দেখা পান পাঁচবার। সর্বোচ্চ ইনিংসটি ছিল ৮৪ রানের।

সেঞ্চুরি খরা কাটানোর ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি ব্যাট হাতে তিন ইনিংসে ১৭৫ রান করে যৌথভাবে সিরিজ সেরাও হয়েছেন তানজিদ। সংবাদ সম্মেলনে ২৫ বছর বয়সী এই ব্যাটার জানান, এখন থেকে নিয়মিত বড় ইনিংস খেলতে চান তিনি।

সবসময় চেষ্টা করি দলের জন্য ভালো কিছু অবদান রাখার। আগের ওয়ানডেগুলোর অনেকগুলোতে ভালোভাবে সেট হয়ে আউট হয়ে গেছি। আজকে চেষ্টা করেছি, যেটা ভালো শুরু পেয়েছি, এটা কীভাবে আরেকটু বড় করা যায়।

আরও আগে হয়তো হওয়া উচিত ছিল এটা। করতে পারিনি, অনেকগুলো ভালো ইনিংস ছিল, সেগুলোকে টেনে নিতে পারিনি। যেটা অতীত হয়ে গেছে, ওদিকে তাকাতে চাই না। সামনে এগোতে চাই। যে ভালোটা হচ্ছে, এখন বা যেরকম অবস্থায় আছি, চেষ্টা করব ভালো সময়টা যত লম্বা সময় ধরে রাখা যায়।

৩৩তম ওভারের শেষ বলে সালমান আলী আগাকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছান তানজিদ। অধরা শতক স্পর্শ করতে এমন শট খেলার প্রসঙ্গে তিনি বলেন, “আমি কী করতে চাই জানতাম, তা না হলে এরকম সময়ে কেউ এমন ঝুঁকিপূর্ণ শট খেলে না। আমার কাছে যেটা মনে হয়েছে এটা করলে হয়তো ভালো। আমি আমার সিদ্ধান্তে গিয়েছি আর কী।

মন্তব্য করুন: