ঢাকা-চট্টগ্রামে হবে নিউ জিল্যান্ড সিরিজের ম্যাচ
১৬ মার্চ ২০২৬
নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সাদা বলের সিরিজের ভেন্যু চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।
সোমবার এক বিবৃতিতে সিরিজের ভেন্যুর তালিকা চূড়ান্ত করার কথা জানায় বিসিবি। এর আগে বছরের শুরুতে চলতি বছর ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সব সিরিজের সূচি জানানো হয়েছিল। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী হবে ম্যাচগুলো।
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। ১৭ এপ্রিল মিরপুরে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২০ এপ্রিল দ্বিতীয় ম্যাচটিও হবে এই মাঠে। তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২৩ তারিখ চট্টগ্রামে। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৭ ও ২৯ এপ্রিল এই ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের শেষ ম্যাচটি হবে মিরপুরে। এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই সিরিজটিও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়ে বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে আছে মেহেদী হাসান মিরাজের দল। নিউ জিল্যান্ড আছে দুই নম্বরে।
২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজটি জিতেছিল কিউইরা।
এই সিরিজ চলার সময় চলবে আইপিএল ও পিএসএল। ফলে নিউ জিল্যান্ডের শীর্ষ ক্রিকেটারদের অনেকেরই বাংলাদেশের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।















মন্তব্য করুন: