পাকিস্তানকে সিরিজ হারাতে অবদান রেখে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে মিরাজ
১৮ মার্চ ২০২৬
পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারাতে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। বোলারদের তালিকার শীর্ষ দশে ঢুকেছেন বাংলাদেশ অধিনায়ক।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন মিরাজ। তার সমান ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন ভারতের কুলদীপ যাদব ও শ্রীলঙ্কার মাহিশ থিকাশানা।
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে ৩ উইকেট নেন মিরাজ। পরের ম্যাচে ৩৪ রান দিয়ে ২ উইকেট পান এই অফ স্পিনার। শেষ ম্যাচে কোনো উইকেট না পেলেও ১০ ওভারে দেন ৩৭ রান।
অন্যদিকে এই তালিকায় প্রথমবারের মতো শীর্ষ একশর মধ্যে ঢুকেছেন যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার পাওয়া নাহিদ রানা। ৯৮ নম্বরে আছেন এই ফাস্ট বোলার। সিরিজের প্রথম ম্যাচে ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে বড় অবদান রাখেন তিনি।
তবে পরের দুই ম্যাচে খরুচে বোলিংয়ে মোট ৩ উইকেট নেন নাহিদ। ৮ উইকেট নিয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে যৌথভাবে জেতেন সিরিজ সেরার খেতাব।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তাসকিন আহমেদ। প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট পাওয়া এই ডানহাতি পেসার ১২ ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে।
শেষ ম্যাচে ৩টিসহ সিরিজে মোট ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানের উন্নতি হয়েছে ১৩ ধাপ। তার অবস্থান এখন ৪৭ নম্বরে।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। আর ব্যাটারদের তালিকায় সবার ওপরে আছেন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১০৭ রান করা তানজিদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ৩১ ধাপ। ১৭৫ রান করে সিরিজ সেরার পুরস্কার পাওয়া বাঁহাতি এই ওপেনার আছেন ৫৫ নম্বরে।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। ২ ধাপ এগিয়ে তিনি আছেন ৩২ নম্বরে।
শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা পাকিস্তানের সালমান আলী আগা ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে উঠে এসেছেন।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছেন মিরাজ।















মন্তব্য করুন: