দর্শকশূন্য মাঠে পিএসএল খেলতে হবে মুস্তাফিজ-রিশাদদের
২৩ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে যাচ্ছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। সরকারের জ্বালানি সাশ্রয়ী নীতির কারণে ফ্র্যাঞ্চাইজি লিগটির এবার আসরের ভেন্যু সংখ্যা কমিয়ে দুটিতে নিয়ে এসেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তাই নয়, মুস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন-নাহিদ রানাদেরকে এবার খেলতে হবে দর্শকশূন্য মাঠেও।
রোববার এই সিদ্ধান্তগুলোর কথা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তবে ভেন্যুর সংখ্যা কমলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবারের আসর।
প্রথমবারের মতো আট দল নিয়ে নতুন আঙ্গিকে শুরু হতে যাওয়া পিএসএলের একাদশ আসর প্রথমে ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন সবগুলো ম্যাচ হবে লাহোর ও করাচিতে। প্রতিটি ভেন্যুতে হবে ২২টি করে ম্যাচ। এছাড়া লাহোরে নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এছাড়া উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালিও বন্ধ করে দিয়েছে দেশটি। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ক্রমশ বাড়ছে। যার প্রভাব পড়েছে পাকিস্তানেও। জ্বালানির ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি।
অবশ্য মৌসুমের শেষ দিকের কিছু ম্যাচে দর্শকদের মাঠে এসে খেলা দেখার সম্ভাবনার কথা জানান পিসিবি চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। তবে তা নির্ভর করবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ওপর।
“জ্বালানি সংকটের কারণে প্রধানমন্ত্রী সব পাকিস্তানিদের চলাফেরা সীমিত করার অনুরোধ করেছেন। আমরা স্কুল বন্ধ করে দিয়েছি, বাসা থেকে অফিসের কাজ করা চালু করেছি এবং ঈদের ছুটি বাড়িয়েছি। এই যুদ্ধ কতদিন চলবে, তা আমরা জানি না।”
“কিন্তু একদিকে মানুষকে চলাফেরা সীমিত করতে বলছি, আবার প্রতিদিন স্টেডিয়ামে ৩০ হাজার মানুষকে জড়ো করতে পারি না। তাই সিদ্ধান্ত হয়েছে, যতদিন এই সংকট চলবে, মাঠে দর্শক ঢুকতে দেওয়া হবে না।”
এবারের পিএসএলে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছেন মোট ছয়জন ক্রিকেটার। নিলামের আগে সরাসরি চুক্তিতে মুস্তাফিজকে দলে নেয় লাহোর কালান্দার্স। নিলাম থেকে পারভেজ হোসেন ইমনকে দলে ভেড়ায় এই ফ্র্যাঞ্চাইজিটি।
অন্যদিকে নিলামে রিশাদকে দলে নেয় নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। নাহিদকে দলে নেয় পেশোয়ার জালমি। এরপর গত মঙ্গলবার শরিফুল ইসলাম ও রোববার তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এবারের পিএসএলের ফাইনাল হবে ৩ মে।















মন্তব্য করুন: