বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক কমিটি

২৩ মার্চ ২০২৬

বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক কমিটি

সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান করে জাতীয় দলের জন্য চার সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে এই কমিটি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা করা নির্বাচক কমিটির বাকি তিন সদস্য হলেন – হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এদের মধ্যে হাসিবুল সদ্য বিদায়ী গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটির সদস্য ছিলেন।

প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগে ছেলে ও মেয়েদের জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন ৫৩ বছর বয়সী বাশার। খেলোয়াড়ি জীবনে দেশের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

নির্বাচক কমিটির নতুন দুই মুখ নাঈম ও নাদিফ জাতীয় দলের হয়ে খেলেছেন। ৩৯ বছর বয়সী নাঈমের আছে ঘরোয়া ক্রিকেটে দুই দশকের অভিজ্ঞতা। সব ফরম্যাট মিলিয়ে করেছেন ২১ হাজারের বেশি রান। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডও তার।

জাতীয় দলের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ৭৭ ম্যাচ খেলেছেন নাঈম। করেছেন পনেরশর বেশি রান। বল হাতে অফ স্পিনে নিয়েছেন ৩৯ উইকেট।

অন্যদিকে ৩৮ বছর বয়সী নাদিফ জাতীয় দলের হয়ে খেলেছেন তিন টি-টুয়েন্টি। ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের পর বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি।

মন্তব্য করুন: