অ্যাশেজে ভরাডুবির পরও ইংল্যান্ডের কোচ থাকছেন ম্যাককালাম
২৪ মার্চ ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ভরাডুবি, দলের নিষ্প্রভ পারফরম্যান্স এবং ড্রেসিংরুমের সংস্কৃতি নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠলেও ব্রেন্ডন ম্যাককালামকেই তিন ফরম্যাটের প্রধান কোচ হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
অ্যাশেজে ভরাডুবি ছাড়াও গত কয়েক মাসে মাঠের বাইরের নানা ঘটনাও প্রবল আলোচনা-সমালোচনার জন্ম দেয় ইংলিশ ক্রিকেটে। সব মিলিয়ে গত জানুয়ারিতে সবকিছুর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার ঘোষণা দেয় ইসিবি। সেই পর্যালোচনার পর সোমবার ম্যাককালামকে দায়িত্বে বহাল রাখার বিষয়টি জানায় ইসিবি। একই সঙ্গে দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে বেন স্টোকস এবং পুরুষ দলের ব্যবস্থাপনা পরিচালকের পদে রব কি দায়িত্ব পালন করে যাবেন।
অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের ঢিলেঢালা প্রস্তুতি, সে সময় কঠোর সমালোচনার জন্ম দিয়েছিল। সেই সিরিজের আগে নিউ জিল্যান্ডে একটি নাইটক্লাবের হ্যারি ব্রুকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সম্প্রতি অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের দলীয় সংস্কৃতি নিয়ে করা মন্তব্য দলের ভেতরে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছিল।
ম্যাককালাম, স্টোকস ও কিকে দায়িত্বে বহাল রাখার বিষয়ে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বিবিসিকে বলেন, “অ্যাশেজ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা এই নেতৃত্বের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তারা সবাই ইংল্যান্ডের ভালোর জন্য এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোকস জানান, গত তিন মাস অধিনায়ক হিসেবে তার জন্য সবচেয়ে কঠিন ছিল।
“বাজ (ম্যাককালাম), রব এবং আমার মধ্যে দলকে এগিয়ে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। আমরা ভুল করেছি এবং ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়েছি। সফলতার থেকে ব্যর্থতার মধ্য দিয়েই বেশি শেখা যায়।”
ইংল্যান্ডের কোচ হিসেবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে ম্যাককালামের। তবে গত অ্যাশেজে বাজেভাবে হারার পর তাকে সরিয়ে দেওয়ার আলোচনা ওঠে ইংলিশ ক্রিকেটে। চোট-জর্জর অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠে তারা।
ম্যাককালামের অতি-আগ্রাসী ‘বাজবল’ ক্রিকেট পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলেও কি জানান, এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তার মতে, এটির বিবর্তন প্রয়োজন।
সোমবার স্কাই স্পোর্টসকে তিনি বলেন, “আপনি যদি ব্রেন্ডন ম্যাককালামকে পুরোপুরি বদলে অন্য কেউ হয়ে যেতে বলেন, তবে তাকে রাখার কোনো মানে নেই। একজন কোচ বা নেতার অকৃত্রিমতা হারিয়ে গেলে তার কাজ ওখানেই শেষ। ব্রেন্ডন সেটা করেনি। আমি চাই না সে তার ধরণ পরিবর্তন করুক।”















মন্তব্য করুন: