পিএসএলে রানবন্যার ম্যাচে দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার রিশাদ
২৮ মার্চ ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একে-অপরের প্রতিপক্ষ হিসেবে নেমেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচে শরিফুল কোনো উইকেট না পেলেও রাওয়ালপিন্ডিজের হয়ে উইকেট পেয়েছেন রিশাদ। শুধু তাই নয়, রানবন্যার ম্যাচে দলের সবচেয়ে কৃপণ বোলারও ছিলেন এই লেগ স্পিনার।
শনিবার লাহোরে দিনের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে শরিফুলের পেশোয়ার জালমি। রিশাদের দলের দেওয়া ২১৫ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখে তাড়া করে দলটি।
এবারের আসরে শরিফুল ছাড়াও পেশোয়ারে আছেন বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা। তবে এদিন দলের প্রথম ম্যাচের একাদশে সুযোগ পান কেবল শরিফুল।
নতুন বল হাতে প্রথম ওভারে ৭ রান দেন বাঁহাতি এই পেসার। পাওয়ারপ্লের ভেতর ৩ ওভার বোলিং করে মোট ২০ রান দেন তিনি। ম্যাচে ৪ ওভারে ৩১ রান দেন তিনি।
রান তাড়ায় রাওয়ালপিন্ডির বোলাররা যেখানে সবাই ওভার প্রতি দশের ওপরে রান দিয়েছেন, সেখানে কেবল রিশাদই ওভার প্রতি রান দিয়েছেন ৮ দশমিক ৭৫ করে। ৪ ওভারে ৩৫ রান খরচায় তিনি তুলে নেন ১ উইকেট।
অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে ৫ রান দেন রিশাদ। দ্বিতীয় ওভারে এক ছক্কা হজম করে দেন ৯ রান। তৃতীয় ওভারে ৩ রান দিয়ে তুলে নেন অ্যারন হার্ডির উইকেট। তবে নিজের শেষ ওভারে ২ ছক্কা ও এক চার হজম করে ১৮ রান দেন তিনি।















মন্তব্য করুন: