নাসিমকে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের ‘সবচেয়ে বড় জরিমানা’
৩১ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উদ্দেশে ব্যঙ্গ করে টুইট করার দায়ে ফেঁসে গেছেন নাসিম শাহ। এই ঘটনায় ডানহাতি এই পেসারকে ২ কোটি পাকিস্তানি রুপি (প্রায় ৭২ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কেন্দ্রীয় চুক্তি এবং বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালার একাধিক নিয়ম ভঙ্গ করার দায়ে সোমবার নাসিমকে এই আর্থিক জরিমানা করার কথা জানায় পিসিবি।
এটিকে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জরিমানার ঘটনা বলছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। তাদের মতে, পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা নাসিমের প্রায় আট মাসের পারিশ্রমিকের সমান অঙ্ক এটি।
ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচের আগের এক ঘটনায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে পাকিস্তানে জ্বালানি সংকট তৈরি হওয়ায় টি-টুয়েন্টি টুর্নামেন্টটি দর্শক ছাড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রথম ম্যাচে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নাওয়াজও।
লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচের আগে মরিয়ামকে কয়েকটি গাড়ি সম্বলিত একটি নিরাপত্তা দল নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছাতে দেখা যায়। দুই দলের ক্রিকেটারসহ কয়েকজনের সঙ্গে কথাও বলতে দেখা যায় তাকে।
পিসিবি মিডিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে সেসব ছবির একটি পোস্ট শেয়ার করে নাসিম লেখেন, “তাকে কেন লর্ডসে রানির মতো করে সম্মান দেওয়া হচ্ছে?”
কয়েক মিনিট পরেই অবশ্য সেই পোস্ট সরিয়ে ফেলা হয় এবং দ্রুত আরেকটি পোস্টে বলা হয়, তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং তিনি তা পুনরুদ্ধার করেছেন।
তবে সেটিকে আমলে না নিয়ে নাসিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় পিসিবি। এরপর রোববার রাতে এক্সে ক্ষমা চেয়ে পোস্ট দিয়ে সেই টুইটের জন্য তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা দলকে দায় দেন নাসিম। কিন্তু শেষ পর্যন্ত মোটা অঙ্কের আর্থিক জরিমানা এড়াতে পারলেন না তিনি।
পিসিবি জানায়, ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নাসিম।
এবারের পিএসএলে নতুন দল রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন নাসিম। নিলামে সর্বোচ্চ ৮ কোটি ৬৫ লাখ রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি।















মন্তব্য করুন: