ম্যাক্সওয়েল ও কনস্টাস বাদ, অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ডগেট
১ এপ্রিল ২০২৬
ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও টপ-অর্ডার ব্যাটার স্যাম কনস্টাস। অন্যদিকে অ্যাশেজে টেস্ট অভিষেকের পর প্রথমবারের মতো চুক্তির আওতায় এসেছেন পেসার ব্রেন্ডন ডগেট।
গত বছর ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর এবং ৩৭ বছর বয়সে টেস্ট দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ায় ম্যাক্সওয়েলকে বাদ দেওয়া হয়েছে।
গত বছর রান না পাওয়ায় টেস্ট দলে জায়গা হারান কনস্টাস। তার জায়গায় ওপেনার জেইক ওয়েদারাল্ড দলে জায়গা করে নেন। ব্যাট হাতে তিনি অ্যাশেজে ধারাবাহিক থাকতে না পারলেও চুক্তিতে আছেন।
অস্ট্রেলিয়ার বর্তমান দলের দ্বিতীয় আদিবাসী টেস্ট ক্রিকেটার ডগেট মূল বোলারদের চোটে পেস আক্রমণে সুযোগ পেয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে সাত উইকেট নেন।
পেসার মাইকেল নেসার ও স্পিনার টড মারফি আবার চুক্তির আওতায় ফিরেছেন। তবে চোট থেকে ফিরে চার বছর পর টেস্ট খেলা জাই রিচার্ডসন এবার বাদ পড়েছেন।
বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশ করা চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় মূল গুরুত্ব দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটারদের, কারণ তাদের সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে।
পেসার ল্যান্স মরিস পিঠের চোটে তালিকা থেকে বাদ পড়েছেন। এছাড়া সাদা বলের অলরাউন্ডার ম্যাথিউ শর্টের চুক্তি নবায়ন করা হয়নি। অবসর নেওয়া উসমান খাজা নেই এই তালিকায়।
ওয়ানডে দলে জায়গা পাওয়া এবং টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলা ম্যাট রেনশকেও এবার চুক্তির তালিকায় রাখা হয়নি।
২০২৬-২৭ মৌসুমে অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ খেলোয়াড়রা হলেন:
জেভিয়ার বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদেরাল্ড, বাও ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।















মন্তব্য করুন: