কাউন্টি ক্রিকেটে পূর্ণাঙ্গ বদলি খেলোয়াড়ের অনুমতি
১ এপ্রিল ২০২৬
ইংল্যান্ড ও ওয়েলসের কাউন্টি ক্রিকেটে চলতি মৌসুমে পুরোপুরি অংশগ্রহণ করতে পারবে এমন বদলি খেলোয়াড় ব্যবহারের অনুমতি দেওয়া হবে। চোটের পাশাপাশি অসুস্থতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণেও এই সুবিধা প্রযোজ্য হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
আইসিসি তার সদস্য দেশগুলোকে ঘরোয়া ক্রিকেটে ইনজুরি বদলি নিয়ে পরীক্ষা চালানোর অনুরোধ করার পর এই মৌসুমজুড়ে পরীক্ষামূলকভাবে নিয়মটি চালু করা হচ্ছে। ফলে প্রথমবারের মতো বদলি খেলোয়াড় শুধু ফিল্ডিংয়ে নয়, পূর্ণাঙ্গভাবে ম্যাচে অংশ নিতে পারবে।
বর্তমান নিয়মে চোট পাওয়া খেলোয়াড়ের বদলে কেবল সাবস্টিটিউট ফিল্ডার নামানো যেত। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই সুযোগ বাড়িয়ে অসুস্থতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পরিস্থিতিকেও অন্তর্ভুক্ত করেছে এবং বদলি খেলোয়াড়কে ম্যাচে পূর্ণাঙ্গ অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।
ব্যক্তিগত কারণে বদলি নেওয়ার ক্ষেত্রে সন্তানের জন্মের সময় উপস্থিত থাকা বা পরিবারের কারও গুরুতর অসুস্থতার মতো পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকবে।
ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব অ্যান্ড্রু বলেন, “অধিকাংশ খেলাতেই ইনজুরি বদলির নিয়ম রয়েছে। আমরা রাগবির মতো কৌশলগত বদলির পথে পুরোপুরি যাইনি। তবে খেলোয়াড়দের যেন মাঠে থাকতে বাধ্য না করা হয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মুহূর্ত মিস না করতে হয়, সেটাই আমরা নিশ্চিত করতে চাই।”
তবে একবার বদলি হয়ে গেলে কোনো খেলোয়াড় সেই ম্যাচে আর ফিরতে পারবেন না। নতুন খেলোয়াড় যে খেলোয়াড়ের বদলে নামবে, তার মতো (লাইক-ফর-লাইক) হতে হবে এবং এর জন্য ম্যাচ রেফারির অনুমোদন নিতে হবে।
চিকিৎসাজনিত বদলির ক্ষেত্রে কাউন্টির প্রধান মেডিকেল কর্মকর্তার অনুমোদন লাগবে। আর ব্যক্তিগত কারণের বদলির জন্য প্রধান নির্বাহীর অনুমোদন প্রয়োজন হবে।
নিয়মের অপব্যবহার ঠেকাতে চোট বা অসুস্থতার কারণে বদলি হওয়া খেলোয়াড়দের জন্য আট দিনের বাধ্যতামূলক বিশ্রাম থাকবে। তবে ব্যক্তিগত কারণে বদলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত ম্যাচের যেকোনো সময় খেলোয়াড় বদল করা যাবে।















মন্তব্য করুন: