টি-টুয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে ভারত

১ এপ্রিল ২০২৬

টি-টুয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে ভারত

আগামী জুলাইয়ে টি-টুয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে ভারত।

বুধবার এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানায়, সফরে তিনটি টুয়েন্টি খেলবে দুদল। ২৩, ২৫ ও ২৬ জুলাই ম্যাচগুলো হারারেতে অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের জুলাইয়ের পর এটিই হবে ভারতের প্রথম জিম্বাবুয়ে সফর। সেবার পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল দুদল।

সম্প্রতি ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ের ভারতে যাওয়ার ঘোষণা এসেছে। ২০০২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে সবশেষ ভারত সফর করেছিল দেশটি। 

গত ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে মুখোমুখি হয়েছিল এই দুই দল। চেন্নাইয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪ উইকেটে ২৫৬ রান তুলে ৭২ রানের জয় পায় ভারত।

জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভেমোর মাকোনি মনে করেন, ভারতের বিপক্ষে সিরিজটি জিম্বাবুয়ের খেলোয়াড় ও সমর্থকদের জন্য বড় সুযোগ।

ভারতের বিপক্ষে ম্যাচ সব সময়ই ব্যাপক আগ্রহ তৈরি করে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিপক্ষে নিজেদের মাঠে খেলার সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য নিজেদের যাচাই করার দারুণ সুযোগ।

টিটুয়েন্টি বিশ্বকাপে আমাদের উৎসাহব্যঞ্জক পারফরম্যান্সের পর এই সিরিজটি আমাদের জন্য গতি ধরে রাখা এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক দল হিসেবে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ।

দুই দশকের বেশি সময় পর ভারতের মাটিতে সিরিজ খেলতে যাওয়াও জিম্বাবুয়ের জন্য বড় ঘটনা বলে মনে করেন মাকোনি।

দুই দশকের বেশি সময় পর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে ভারতে যাওয়া জিম্বাবুয়ের জন্য একটি মাইলফলক মুহূর্ত। ভারত বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ, এই সফর আমাদের খেলোয়াড়দের জন্য সম্মান এবং মূল্যবান সুযোগ।

মন্তব্য করুন: