পিএসএলে ইমনের ঝড়ের পর মুস্তাফিজের ২ উইকেট
৪ এপ্রিল ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছেন পারভেজ ইমন। বাঁহাতি এই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ের দিনে বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের নৈপুণ্যের দিনে ২০ রানের জয় পেয়েছে তাদের দল লাহোর কালান্দার্স।
শুক্রবার লাহোরে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ইমন ও মোহাম্মদ নাঈমের তাণ্ডবে ৫ উইকেটে ১৮৫ রান তোলে লাহোর। জবাবে ৫ উইকেটে ১৬৫ রানে থামে মুলতান সুলতান্সের ইনিংস।
আগের দুই ম্যাচে চার নম্বরে ব্যাটিংয়ে নামা ইমন এদিন ওপেনিংয়ে নেমেই করেন ১৯ বলে ৪৫ রান। বাঁহাতি এই ব্যাটার তার ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ২ চারে। ষষ্ঠ ওভারের প্রথম বলে সাজঘরের ফেরার আগে নাঈমের সঙ্গে গড়েন ৮৬ রানের জুটি। নাঈম ফেরেন ২৮ বলে ৬০ রানে।
লক্ষ্য তাড়ায় ১৮ রানের ভেতর দুই অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ (৯) ও জশ ফিলিপিকে (১) হারিয়ে দারুণ চাপে পড়ে মুলতান। পঞ্চম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহানকে তুলে নেন মুস্তাফিজ। সেই ওভারে ৫ রান দেন তিনি।
পরের ওভারে ২ চারে ১৩ রান হজম করে মুস্তাফিজ। টানা তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আরও খরুচে ছিলেন তিনি। শান মাসুদের কাছে আগের বলে চার হজমের পর তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন বাঁহাতি এই পেসার। শেষ ৩ বলে দুটি ছক্কা হজম করেন তিনি।
৩ ওভারে ৩৭ রানে ২ উইকেট নেন বাংলাদেশের এই পেসার। লাহোরের সবশেষ দুই ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন তিনি।















মন্তব্য করুন: