যে কারণে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পেলেন মিরাজ ও লিটন
৫ এপ্রিল ২০২৬
ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের দায়িত্বের মেয়াদ শেষের পথে। অন্যদিকে টি-টুয়েন্টি দলের নেতৃত্বের মেয়াদ শেষ হয়েছে লিটন দাসের। তবে এই দুইজনকেই এবার লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে যথাক্রমে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
শনিবার দীর্ঘ ৯ ঘণ্টার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।
গত বছর জুনে এক বছরের জন্য ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছিলেন মিরাজ। ডানহাতি এই অলরাউন্ডারের অধীনে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি সিরিজ জেতে বাংলাদেশ। নতুন মেয়াদে আগামী বছর অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
মিরাজের নেতৃত্বের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে ফাহিম বলেন, “মিরাজ যেহেতু বছরখানেকের মতো হয়ে গেছে, তার একটা ভিশন আছে এবং বিশ্বকাপ যেহেতু এখনও অনেক সময় বাকি আছে, আমরা ভেবেছি যে, ওকে যদি একটু সময় দেওয়া যায়, ও সুন্দর করে গোছাতে পারবে দলকে। আমার ধারণা মিরাজ ভালো করছে এবং আমাদের দলও ভালো পারফর্ম করেছে।”
“এসবের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। অধিনায়কের একটা লম্বা সময় দেওয়া এবং অধিনায়করা নিশ্চিতভাবে যেন দল গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই হলো মূলত বিষয়টা।
অন্যদিকে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে অধিনায়কত্বের মেয়াদ ছিল লিটনের। গত বছরের শুরুর দিকে এই দায়িত্ব পেয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটাার। তার দায়িত্বে মেয়াদ বাড়িয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে।
লিটনের অধিনায়কত্বে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে ফাহিম বলেন, “সে ভালো কাজ করছে এবং ওর তত্ত্বাবধানে থাকলে আমাদের দল আরও ভালো করবে। একটা গোছানো দল আমরা পাব। টি-টোয়েন্টিতে আমরা মোটামুটি ভালো করেছি ওর নেতৃত্বে। সেই কারণেই ওর ওপর বিশ্বাসটা রাখা এবং এজন্য ওকে এই দায়িত্বে বহাল রাখা হয়েছে।”
এছাড়া বোর্ড সভায় মোহাম্মদ রফিককে বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ১০০ উইকেট নেওয়া সাবেক এই বাঁহাতি স্পিনারের অভিজ্ঞতা কাজে লাগাতে এবং বিসিবির অধীন থাকা স্পিন বোলিং কোচের ঘাটতি কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।















মন্তব্য করুন: