এবার একদিনেই বিসিবির ৪ পরিচালকের পদত্যাগ

৫ এপ্রিল ২০২৬

এবার একদিনেই বিসিবির ৪ পরিচালকের পদত্যাগ

একদিনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চারজন পরিচালক। এই নিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন মোট সাত পরিচালক।

শনিবার দীর্ঘ ৯ ঘণ্টার বোর্ড সভাতেই উপস্থিন ছিলেন পদত্যাগ করা চার পরিচালক। সভা শেষেই পদত্যাগ করেন ফাইয়াজুর রহমান। পরে পদত্যাগপত্র জমা দেন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরী। গভীর রাতে জানা যায়, তাদের সঙ্গে আছেন মঞ্জুর আলম।

ফাইয়াজুর ছিলেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান। এছাড়া ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শানিয়ান। সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব। আর মেডিকেল কমিটির দায়িত্বে ছিলেন মঞ্জুর।

গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেয় বর্তমান পরিচালনা পর্ষদের মধ্যে গত ২৪ জানুয়ারি সবার আগে পদত্যাগ করেন গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ইশতিয়াক সাদেক। এরপর ২৩ মার্চ বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পরিচালক পদ থেকেই সরে দাঁড়ান আমজাদ হোসেন।

গত বৃহস্পতিবার পদত্যাগ করেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত এই পরিচালক ছিলেন লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান।

বিভিন্ন গণমাধ্যমের মতে, এখন পর্যন্ত সবাই ব্যক্তিগত, পারিবারিক ও অজানা কারণে পদত্যাগ করেছেন।

মন্তব্য করুন: