ঘরোয়া ক্রিকেটে বেতন ও ম্যাচ ফি বাড়াল বিসিবি
৯ এপ্রিল ২০২৬
দায়িত্ব নেওয়ার পরদিনই ঘরোয়া ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়িয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি। ছেলে ও মেয়ে উভয় ক্রিকেটারদেরই পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
বুধবার রাতে অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা শেষে এই ঘোষণা দেন তামিম। গত জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো।
নতুন কাঠামো অনুযায়ী, এখন থেকে মেয়েরা ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার, একদিনের ম্যাচের জন্য ১৫ হাজার এবং প্রথম শ্রেণির ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পাবেন। আগে এই সংখ্যাটা সর্বোচ্চ ৮ হাজার টাকার মতো ছিল বলে জানান অ্যাডহক কমিটির প্রধান তামিম।
বেতন বাড়ানো হয়েছে ঘরোয়া ক্রিকেটে বিসিবির চুক্তিতে থাকা ৩৬ নারী ক্রিকেটারের। তাদের বেতন ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।
অন্যদিকে ছেলেদের প্রথম শ্রেণির ক্রিকেটে চুক্তিতে থাকা তিন ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে।
‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৬৫ হাজার টাকা করা হয়েছে, আগে যেটি ছিল ৩৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে বেতন ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরিতে বেতন ২৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ হাজার টাকা।
প্রথম শ্রেণির ক্রিকেটে (জাতীয় লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ) ম্যাচ ফি ৭০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।















মন্তব্য করুন: