শুরুর আগেই বাংলাদেশ সিরিজ শেষ নিউ জিল্যান্ড পেসারের
১০ এপ্রিল ২০২৬
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন নিউ জিল্যান্ড পেসার ক্রিস্টিয়ান ক্লার্ক। তার বদলে দলে নেওয়া হয়েছে বাঁহাতি ফাস্ট বোলার বেন লিস্টারকে।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বাংলাদেশের মাটিতে আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দুই দলেই ছিলেন ক্লার্ক। এছাড়া আরেক পেসার বেন সিয়ার্সকেও ওয়ানডে সিরিজে পাবে না কিউইরা।
নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে বর্তমানে শ্রীলঙ্কা সফরে আছেন ক্লার্ক। গত বুধবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ক্যাচ নেওয়ার সময় ডানহাতে চোট পান ডানহাতি এই পেসার।
গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্লার্কের। সফরে তিনটি ওয়ানডে ছাড়াও একটি টি-টুয়েন্টি খেলেছিলেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ক্লার্কের বদলে দলে আসা লিস্টারও বর্তমানে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দলে আছেন। বাঁহাতি এই পেসার জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন। এখন পর্যন্ত ৩ ওয়ানডেতে ৪টি এবং ১২ টি-টুয়েন্টিতে ১১টি উইকেট নিয়েছেন তিনি।
অন্যদিকে এবারের পিএসএলে বদলি হিসেবে সিয়ার্সকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডিজ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকবেন না ডানহাতি এই পেসার। তার বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে না। বিবৃতিতে এনজেডসি জানায়, টি-টুয়েন্টি সিরিজের দলে যোগ দেবেন তিনি।
তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। ১৭ এপ্রিল ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই।















মন্তব্য করুন: