১২ দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের ভাবনা

১০ এপ্রিল ২০২৬

১২ দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের ভাবনা

টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় এবং আর্থিকভাবে লাভজনক করতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে আইসিসি। নতুন এই পরিকল্পনায়, টেস্ট চ্যাম্পিয়নশিপকে ১২টি দলে উন্নীত করা এবং এক ম্যাচের টেস্ট সিরিজ থেকেও পয়েন্ট পাওয়ার বিধান রাখা হতে পারে।

গত বছর নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজের নেতৃত্বে আইসিসির একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ চলতি মাসের শেষে বা মে মাসের শুরুতে আইসিসি বোর্ড সভায় এই সুপারিশ পেশ করতে পারে।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯টি দল খেলে থাকে। নতুন প্রস্তাবে জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে এই লিগে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই তিনটি দেশ আইসিসির পূর্ণ সদস্য হলেও ২০১৯ সালে শুরু হওয়া চ্যাম্পিয়নশিপের বাইরে ছিল তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান নিয়ম অনুযায়ী, চক্রের একটি সিরিজে ন্যূনতম দুটি টেস্ট ম্যাচ থাকতে হবে। নতুন প্রস্তাব অনুযায়ী, বড় দলগুলো যখন ছোট দলগুলোর সঙ্গে একটি টেস্ট খেলবে, সেটির পয়েন্টও লিগ টেবিলে যোগ হবে।

নতুন মডেলেও দলগুলো দুই বছরের চক্রে আগের মতোই তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে।

কমিটির সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তার মতে, এটি বড় দলগুলোর জন্য ছোট দলগুলোকে আতিথ্য দেওয়া সহজ করবে। অনেক সময় দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করা বড় বোর্ডগুলোর জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়ায়। এক ম্যাচের টেস্ট হলে ব্যস্ত সূচির মাঝেও তারা ছোট দলগুলোকে জায়গা করে দিতে পারবে।

টুজের নেতৃত্বে গঠিক কমিটিকে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাট এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভিড়ে টেস্ট ক্রিকেটের একটি টেকসই কাঠামো খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছিল। গত নভেম্বরে এই কমিটি দ্বিস্তর বিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের মডেল আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু একাধিক পূর্ণ সদস্য দেশের বিরোধিতায় তা আলোর মুখ দেখেনি।

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে কাতারের দোহায় আইসিসির আগের সভাটি স্থগিত করা হয়েছিল। শীঘ্রই একটি সশরীরে সভা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে এই প্রস্তাবগুলোর ওপর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

মন্তব্য করুন: