ধারাবাহিকতা ধরে রাখতে নিউ জিল্যান্ড সিরিজে বাংলাদেশের অপরিবর্তিত দল
১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জেতা দল নিয়েই নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। ফলে সেই সিরিজে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে না পারলেও দলে টিকে গেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। আর নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করে বাশারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেল। সিরিজে অংশ নিতে পিএসএল থেকে দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।
গত মাসে ঘরের মাঠে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। তবে ব্যাট হাতে ওপেনিংয়ে একদমই সুবিধা করতে পারেননি সাইফ হাসান। তিন ইনিংসে ডানহাতি এই ব্যাটার রান করেন ৫২। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার ফিফটি কেবল একটি।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ব্যাট করে একটিতে আফিফ হোসেন করেন ১৪ রান, আরেকটিতে অপরাজিত থাকেন ৫ রানে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ইনিংস মিলিয়ে বাঁহাতি এই ব্যাটার করেছিলেন ৬৭ রান।
আগের সিরিজের দল থেকে কোনো পরিবর্তন না আনার কারণ ব্যাখ্যায় বাশার বলেন, “আমরা যখন দলটা দেখেছি, তখন মনে হয়েছে, গত সিরিজটায় আমরা সফল হয়েছিলাম। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু ক্রিকেটার হয়তো সুযোগ পায়নি একাদশে। কিছু ক্রিকেটার নতুন এসেছে। আমাদের পলিসি হচ্ছে, যখন কেউ আসবে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। যারা খেলেছে, তারা খারাপ খেলেনি। আমরা ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, যার জন্য আমরা এই সিরিজে দলে বদল আনিনি।”
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই একই একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ফলে কোনো ম্যাচেই সুযোগ পাননি সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম।
পাকিস্তানের বিপক্ষে ব্যাটে রান না পেলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ওপেনিংয়ে সাইফ হাসানকে আরও সুযোগ দেওয়ার ইঙ্গিত দেন প্রধান নির্বাচক। ফলে এই সিরিজেও একাদশের বাইরে থাকতে পারেন সৌম্য।
“ওপেনিংয়ে বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়েছে। এই জায়গা আমরা স্যাটেল করতে চাই। কাউকে সুযোগ দিতে তিন ম্যাচ যথেষ্ট না। তাকে আরেকটু সুযোগ দিতে চাই, এরপর কোনো কল করতে পারব। সাইফ অবশ্যই সুযোগ পাবে। এরপর আমরা সিদ্ধান্ত নিতে পারব সেখানে অন্য কাউকে চিন্তা করব কি না।”
“সাইফ যেহেতু খেলেছে, জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ নিয়ে কী ভাবছে। তবে আমার মনে হয় তাকে আরেকটু সুযোগ দেওয়া উচিৎ। সৌম্য যখন ফিরে আসবে এটুকু নিশ্চয়তা দিতে পারি ২-৩ ম্যাচ খারাপ করলে চলে যাবে না, লম্বা সময় সুযোগ পাবে।”
সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে আগামী শুক্রবার। একই ভেন্যুতে পরের ম্যাচ হবে ১৯ এপ্রিল।
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।















মন্তব্য করুন: