সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

১১ এপ্রিল ২০২৬

সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে আবার দলে ফেরানোর পালে হাওয়া লাগিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ। কিন্তু পাকিস্তান সিরিজের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলেও জায়গা হয়নি তার। তবে দেশসেরা এই অলরাউন্ডারকে দলে নেওয়া হলে তা লম্বা সময়ের জন্যই হবে বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

গত ২৪ জানুয়ারি বোর্ড সভা শেষে ফিটনেসসহ বেশ কিছু শর্তসাপেক্ষে জাতীয় দলের জন্য আবার সাকিবের দরজা খোলার বিষয়টি জানান বিসিবির তখনকার পরিচালক মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

এরপর জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে ফেরাতে আগের বোর্ডের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা শোনা গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি।

গত মঙ্গলবার বিসিবির নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ার দাবি তুলে আমিনুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)

বোর্ডে নতুন কমিটি এলেও থেমে নেই জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে প্রশ্ন। শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণার পর প্রধান নির্বাচক বাশার জানান, সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়েছে।

আমার দু-একবার কথা হয়েছে (সাকিবের সঙ্গে) আমার মূল প্রশ্ন ছিল, সে প্রস্তুত কি না। যেহেতু যেখানে আছে, ওখানে ক্রিকেট নিয়মিত হয় না। ট্রেনিয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস ট্রেনিং করা যায়, কিন্তু ক্রিকেট খেলা অত রেগুলার হয় না। আমি আসলে ওর সাথে এসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি।

বাকিটা ওকে এখানে পাওয়ার ব্যাপার। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অবশ্যই তাকে লম্বা সময়ের জন্যই চাই।

২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের সংসদ সদস্য সাকিব আর দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। সেই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে থাকলেও পরে নিরাপত্তা শঙ্কায় দুবাই থেকে ফিরে যেতে তাকে। এরপর থেকে আর জাতীয় দলে ডাক পাননি ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, দেশের মাটিতে থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাতে চান তিনি।

মন্তব্য করুন: