২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের মাঠের লড়াই

১১ এপ্রিল ২০২৬

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের মাঠের লড়াই

সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামে বসে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের সাদা বলের সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শকরা। ঢাকা ও চট্টগ্রামের উভয় ভেন্যুতেই সর্বনিম্ন এই দামে পাওয়া যাবে ম্যাচের টিকিট। দুই ভেন্যুতেই সর্বোচ্চ টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

শনিবার এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের টিকিটের দাম জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টিকিট বিক্রি শুরু হবে শনিবার সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই এবং টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। এই মাঠে সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা করে। ইন্টারন্যাশনাল গ্যালারিতে ১ হাজার ৫০০ এবং ক্লাব হাউজে ৬০০ টাকায় পাওয়া যাবে টিকিট।

গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখতে দর্শকদের গুণতে হবে সর্বোচ্চ আড়াই হাজার টাকা।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। এই মাঠে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। শহীদ শ্রাবণ স্ট্যান্ড এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে খেলা দেখতে লাগবে ৬০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফটপ গ্যালারিতে বসে দেখতে খরচ করতে হবে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা করে।

সিরিজ খেলতে আগামী সোমবার দেশে আসবে নিউ জিল্যান্ড দল। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামী শুক্রবার। পরের দুই ম্যাচ ২০ ও ২৩ এপ্রিল। এই সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।

টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে। এই সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে দুপুর ২টায়।

মন্তব্য করুন: