পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন
১১ এপ্রিল ২০২৬
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। কাঁধের চোটের কারণে মাত্র তিন ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরতে হচ্ছে বাঁহাতি এই ব্যাটারকে।
শনিবার ইমনকে আসরের বাকি অংশে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তার দল লাহোর কালান্দার্স । পেশাওয়ার জালমির বিপক্ষে ম্যাচের আগে টুর্নামেন্ট থেকে তার ছিটকে পড়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। রাতেই দেশের উদ্দেশে রওনা দেবেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
গত ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় সতীর্থ আসিফ আলীর সঙ্গে ধাক্কা লাগে ইমনের। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে যান তিনি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে এর আগে ব্যাট হাতে আলো ছড়ান ইমন। আসরে প্রথমবারের মতো ওপেনিংয়ে নেমে ৫ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৪৫ রান করেন তিনি।
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে গত বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি ইমন।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিলাম থেকে ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানি রূপিতে তাকে দলে নেয় লাহোর।
হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচে ১৪ রান করে আউট হন ইমন। এরপর করাচি কিংসের বিপক্ষে সাজঘরে ফেরেন ১২ রানে। এই দুই ম্যাচেই চার নম্বরে ব্যাটিং করেছিলেন তিনি।
প্রথমবারের মতো পিএসএলে খেলতে গিয়ে ৩ ইনিংসে ১৬১ দশমিক ৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান নিয়ে আসর শেষ করলেন ইমন।















মন্তব্য করুন: