শেষ ৩ বলে মুস্তাফিজের ২ উইকেট
১১ এপ্রিল ২০২৬
লাহোরে কালান্দার্সের হয়ে বল হাতে শুরুটা ভালো করেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে শেষ দুই ওভারে দুটি ছক্কা হজম করে খরুচে বোলিংয়ের পথে ছিলেন তিনি। কিন্তু দারুণ বোলিংয়ে নিজের শেষ তিন বলে দুই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার করাচিতে পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ।
এই ম্যাচের পর লাহোরের পরের ম্যাচ আগামী শুক্রবার। ফলে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে এই ম্যাচ খেলে দেশে ফিরবেন মুস্তাফিজ।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি মুস্তাফিজকে আক্রমণে আনেন ইনিংসের পঞ্চম ওভারে। দারুণ বোলিংয়ে ওভারে কেবল চারটি সিঙ্গেল দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে দেন ৫ রান।
১৫তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের শুরুটাও ভালো করেন মুস্তাফিজ। প্রথম চার বলে কোনো বাউন্ডারি হজম করেননি তিনি। কিন্তু পঞ্চম ডেলিভারিতে স্কুপ করে ছক্কা হাঁকান কুশল মেন্ডিস। শেষ বলে আসে সিঙ্গেল। নিজের তৃতীয় ওভারে ১৩ রান দেন মুস্তাফিজ।
১৯তম ওভারে বোলিং করতে আসা বাঁহাতি এই পেসারকে প্রথম বলেই লং-অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান মাইকেল ব্রেসওয়েল। তবে এরপর আর কোনো বাউন্ডারি হজম করেননি মুস্তাফিজ। চতুর্থ ডেলিভারিতে ছক্কা হাঁকানোর চেষ্টায় লেগ সাইডে ধরা পড়েন ব্রেসওয়েল।
পঞ্চম ডেলিভারিটি ব্যাটেই লাগাতে পারেননি আমের জামাল। শেষ বলটি উড়িয়ে মেরে লং-অনে ক্যাচ দেন তিনি।
চলতি পিএসএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৬ উইকেট নিলেন মুস্তাফিজ। সবশেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে কোনো উইকেট পাননি তিনি।
কুশল মেন্ডিসের ৭৪ ও বাবর আজমের ৪৩ রানের ইনিংসে ৭ উইকেটে ১৭৩ রান তোলে পেশোয়ার।















মন্তব্য করুন: