পিএসএলের একই ম্যাচে উজ্জ্বল নাহিদ-শরিফুল-মুস্তাফিজ

১১ এপ্রিল ২০২৬

পিএসএলের একই ম্যাচে উজ্জ্বল নাহিদ-শরিফুল-মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের তিন পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত নাহিদ-শরিফুলের পেশোয়ার জালমির কাছে হেরে গেছে মুস্তাফিজের লাহোর কালান্দার্স।

শনিবার করাচিতে দিনের প্রথম ম্যাচে পেশোয়ারের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় ৯৭ রানে গুটিয়ে যায় লাহোর।

পেশোয়ারের হয়ে ৩ ওভারে ১৫ রানে ২ উইকেট নেন নাহিদ। অন্যদিকে ২ ওভারে ১৭ রান দিয়ে শরিফুলের শিকার ১টি।

বল হাতে নিজের প্রথম ওভারে উইকেট নেন শরিফুল। লাহোর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে মোহাম্মদ নাঈমকে (১) সাজঘরের পথ দেখান বাঁহাতি এই পেসার। সেই ওভারে একটি বাউন্ডারি হজম করে ৬ রান দেন তিনি।

চতুর্থ ওভারে দুটি চার হজম করে আরও ১১ দেন শরিফুল। এরপর তাকে আর আক্রমণে আনার দরকার হয়নি পেশোয়ার অধিনায়ক বাবর আজমের।

অন্যদিকে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে আবদুল্লাহ শফিককে (২১) তুলে নিয়ে দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি ভাঙেন নাহিদ। সেই ওভারের দ্বিতীয় বলে চার হজম করা ছাড়া এরপর আর কোনো রান দেননি তিনি।

নিজের দ্বিতীয় ওভারে ডানহাতি এই ফাস্ট বোলার দেন ৬ রান। ১৩তম ওভারে আবার বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় উইকেট নেন তিনি। তার গতিময় বাউন্সারে উইকেটকিপারের গ্লাভসবন্দী হন উসামা মীর (১)। এই ওভারের শেষ বলে বাউন্ডারি হজম করে মোট ৫ রান দেন তিনি।

শেষ পর্যন্ত দুই স্পিনার মাইকেল ব্রেসওয়েল ও সুফিয়ান মুকিমের ৩টি করে উইকেট শিকারে ৩ ওভার আগে গুটিয়ে যায় লাহোরের ইনিংস।

এর আগে লাহোরের হয়ে বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ।

মন্তব্য করুন: