পিএসএলে খেলতে বাড়তি সময় পেলেন শরিফুল-নাহিদ
১২ এপ্রিল ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য শরিফুল ইসলাম ও নাহিদ রানার অনাপত্তিপত্রের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে পেশোয়ার জালমির হয়ে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই দুই পেসার।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পেশোয়ার জালমির অনুরোধে শরিফুল ও নাহিদের অনাপত্তিপত্রের মেয়াদ একদিন করে বাড়ানোর কথা জানায় বিসিবি।
ফলে সোমবার মুলতান সুলতান্সের বিপক্ষে পেশোয়ারের পরের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তারা। আগামী মঙ্গলবার দেশে ফিরবেন এই দুই পেসার।
পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে শরিফুল ও নাহিদকে প্রাথমিকভাবে ১২ মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের কারণে এই দুই ক্রিকেটার ছাড়াও মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিমেরও অনাপত্তিপত্রের মেয়াদ ছিল ১২ মে পর্যন্ত। রোববার দেশে ফেরেন তারা।
অন্যদিকে ওয়ানডে দলে না থাকা পারভেজ হোসেন ইমনের অনাপত্তিপত্রের মেয়াদ ছিল ২১ মে পর্যন্ত। কিন্তু চোটের কারণে বাঁহাতি এই ব্যাটার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তিনিও দেশে ফিরেছেন।
এবারের পিএসএলে প্রথমবারের মতো খেলার সুযোগ পান শরিফুল। প্রথম দুই ম্যাচে কোনো উইকেট না পেলেও পরের দুই ম্যাচে একটি করে উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। অন্যদিকে টুর্নামেন্টের গত আসরে দল পেলেও মাঠে নামার সুযোগ হয়নি নাহিদের। পেশোয়ারের হয়ে এবার মাঠে নেমে তার শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তিন ওভারে দিয়েছিলেন ৩০ রান। তবে পরের দুই ম্যাচে গতির ঝড় তুলে ৫ উইকেট নেন তিনি।
তাদের সঙ্গে পেশোয়ারে থাকা তানজিদ কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
দ্বিতীয়বারের মতো পিএসএলে খেলতে যাওয়া মুস্তাফিজ লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ওভারপ্রতি ৭ দশমিক ১৭ রান দিয়ে ৬ উইকেট নেন।
পিএসএলের গত আসরে দারুণ বোলিংয়ে নজর কাড়া রিশাদের এবারের অভিজ্ঞতা হয়েছে উল্টো। গত আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করা এই লেগ স্পিনার এবার রাওয়ালপিন্ডিজের হয়ে ৪ ম্যাচে দুটি উইকেট নিতে পারেন। ওভারপ্রতি রান দেন ১১ দশমিক ০৭ করে।
অন্যদিকে লাহোরের হয়ে প্রথম দুই ম্যাচে চার নম্বরে নেমে ১২ ও ১৪ রান করেন ইমন। তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো ওপেনিংয়ে সুযোগ পেয়ে ৫ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।















মন্তব্য করুন: