পিএসএলে অনুজ্জ্বল রিশাদকে নিয়ে নিউ জিল্যান্ড সিরিজে আশা মিরাজের
১৬ এপ্রিল ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠের পারফরম্যান্সে একদমই আলো ছড়াতে পারেননি রিশাদ হোসেন। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে সিরিজেও ছিলেন খরুচে। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে এই লেগ স্পিনার অনেক ভালো করবে বলে বিশ্বাস অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। অন্যদিকে সৌম্য সরকারের খেলার বিষয়ে ইতিবাচক কিছু শোনাননি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সৌম্যকে সুযোগ দেওয়া প্রসঙ্গে মিরাজ জানান, আপাতত তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ওপেনিং জুটিকে আরও সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা।
“আমরা শেষ যে সিরিজটা খেলেছি উদ্বোধনী জুটিটা যদি আপনি দেখেন, একশর বেশি রান ছিল। এটাও কিন্তু আমাদের দলের জন্য একটা সুবিধা ছিল। যদি আগেই উইকেট পড়ে যায় একটা দলের জন্য অনেক অনেক চাপ চলে আসে। তাই আমার কাছে মনে হয় যে হয়তো আমরা অনেক সময় বিবেচনা করি যে, যে কেউ অনেক বড় স্কোর করেছে …. কিন্তু ১০-২০-২৫ রানও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আমাদের অনেক কিছু দেখতে হয়।”
জাতীয় দলের জার্সিতে সৌম্য সবশেষ মাঠে নামেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত অক্টোবরে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের সেই সিরিজে ৯১ রানের একটি ইনিংসসহ মোট ১৪০ রান করেছিলেন। এরপর ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিন ইনিংসে করেন ১৮ রান। নিউ জিল্যান্ড সিরিজের প্রস্তুতিতে নিজেদের মধ্যে খেলা ম্যাচে ‘বি’ দলের হয়ে ওপেনিংয়ে নেমে ৮৫ বলে ৫৫ রান করে আউট হন বাঁহাতি এই ব্যাটার।
পিএসএলে চার ম্যাচে ২ উইকেট নিতে রিশাদ ওভারপ্রতি ১১ দশমিক ০৭ রান করে দেন। তবে এমন সময় অধিনায়কের সমর্থন পাচ্ছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
“আপনি যেটা বললেন যে ঐখানে অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ থাকে। রিশাদের ক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে আমি অনেক কনফিডেন্ট। হ্যাঁ, একটা দুইটা ম্যাচ খারাপ যেতেই পারে; প্রত্যেকটা খেলোয়াড়েরই যায়। কিন্তু আমি বিশ্বাস করি যে ও যে মানের বোলার ও যদি নিজেকে ফিরে পায় করে এবং ভালো জায়গায় বল করে, ও অনেক ভালো করবে।”















মন্তব্য করুন: