হাঁটুর চোটে শেষ মুহূর্তে ছিটকে গেলেন মুস্তাফিজ
১৭ এপ্রিল ২০২৬
বিসিবির দেওয়া নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের টিম শিটেও শুরুর একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু কিছুক্ষণ পরেই জানা গেল হাঁটুর চোটের কারণে বাঁহাতি এই পেসারকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে নিউ জিল্যান্ড। টসের একদম আগ মুহূর্তে কোচ ফিল সিমন্স ম্যাচের একাদশের শিট অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে দিয়ে যান।
পরে এক অডিওবার্তায় দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, শেষ মুহূর্তের ওয়ার্মআপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন মুস্তাফিজ। ফলে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির দেওয়া প্রথম টিম শিটে শুরুর একাদশে মুস্তাফিজ ও শরিফুল দুইজনই একাদশে ছিলেন। বাইরে রাখা হয়েছিল তাসকিন আহমেদকে। পরিবর্তিত একাদশে এসেছেন ডানহাতি এই পেসার।
গত মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডের একাদশ থেকে কেবল এই একটিই পরিবর্তন এসেছে।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।















মন্তব্য করুন: