১৫ বছর পর বাংলাদেশে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত

১৭ এপ্রিল ২০২৬

১৫ বছর পর বাংলাদেশে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত

১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে আসার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাদা বলের সিরিজ খেলতে আগামী জুনে দেশে আসবে ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি দেশটি।

শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার বিষয়টি জানায় সিএ। এর আগে চলতি বছরের শুরুতে এই সিরিজের সম্ভাব্য সূচি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে চূড়ান্ত সূচিতে পরিবর্তন আনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। ৫ জুনের পরিবর্তে ওয়ানডে সিরিজটি শুরু হবে ৯ জুন। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টুয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। আগের সূচিতে এই সিরিজটি ১৫ থেকে ২০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সবশেষ ওয়ানডে খেলেছিল ২০১১ সালে। মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের সেই সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল স্বাগতিকরা।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার সবশেষ সফর ছিল ২০২১ সালে। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সফরকারীদের ৪-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। তবে এরপর টি-টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

বাংলাদেশে আসার আগে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সেই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ:

১ম ওয়ানডে: ৯ জুন

২য় ওয়ানডে: ১১ জুন

৩য় ওয়ানডে: ১৪ জুন

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি সিরিজ:

১ম টি-টুয়েন্টি: ১৭ জুন

২য় টি-টুয়েন্টি: ১৯ জুন

৩য় টি-টুয়েন্টি: ২১ জুন

মন্তব্য করুন: