বোলারদের নৈপুণ্যে নিউ জিল্যান্ডকে আড়াইশর আগে আটকাল বাংলাদেশ
১৭ এপ্রিল ২০২৬
গতির সুর তুলে শুরুটা করে দিয়েছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পরে নিউ জিল্যান্ডের অনভিজ্ঞ ব্যাটারদের ওপর চাপ ধরে রাখলেন বাকি বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের আড়াইশর আগে আটকে রেখেছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪৭ রান তোলে নিউ জিল্যান্ড।
১০ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন শরিফুল। তাসকিন ও রিশাদ হোসেনও নেন দুটি করে উইকেট। তবে অন্যদের নিয়ন্ত্রিত বোলিংয়ের দিনে খরুচে ছিলেন নাহিদ রানা। ডানহাতি এই ফাস্ট বোলার ১০ ওভারে ৬৫ রানে ১ উইকেট নেন। এছাড়া আর কেউই ওভারপ্রতি সাড়ে পাঁচের বেশি রান দেননি।
বোলিংয়ে নেমে তাসকিন-শরিফুলের জুটি প্রথম ৫ ওভারে ২৫টি ডট বল দেন। এসময় সফরকারীরা ১৬ রান তোলে। সপ্তম ওভারের তৃতীয় বলে নিক কেলির (৭) স্টাম্প উপড়ে দিয়ে ২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল। পরের ওভারেই উইল ইয়ংকে ফেরাতে পারতেন বাঁহাতি এই পেসার। কিন্তু স্লিপে সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন সাইফ হাসান।
প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে পার সফরকারীরা।
হেনরি নিকোলস ও ইয়ংয়ের দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি ভাঙতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ২২তম ওভার পর্যন্ত। রিশাদ হোসেনকে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন ইয়ং (৩০)।
দ্রুত প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথামকে (১৪) বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে ৬৮ রান করা নিকোলসকে কট বিহাইন্ড করান রিশাদ। এরপর রানের গতি আরও কমে আসে সফরকারীদের।
মুহাম্মদ আব্বাসকে (১৪) ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল। এরপর ডিন ফক্সক্রফটের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত রান বাড়ে। ৫৮ বলে ৫৯ রান করা এই ব্যাটারকে বোল্ড করেন নাহিদ।
শেষ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান তুলতে পারে নিউ জিল্যান্ড।















মন্তব্য করুন: