নতুন কোচ ও ৪ নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান

১৮ এপ্রিল ২০২৬

নতুন কোচ ও ৪ নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান

চার নতুন মুখ ও নতুন হেড কোচ নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে আগামী মাসে বাংলাদেশে আসছে পাকিস্তান।

শনিবার এক বিবৃতিতে শান মাসুদকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দলের নতুন চার মুখ – ব্যাটার আবদুল্লাহ ফজল ও আজান আওয়াইস, পেস বোলিং-অলরাউন্ডার আমাদ বাট এবং উইকেটকিপার মুহাম্মদ গাজী ঘোরি। এদের মধ্যে ঘোরির কেবল আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে। গত মাসে বাংলাদেশ সফরে একটি ওয়ানডে খেলেছিলেন তিনি।

এই সিরিজের জন্য দলের হেড কোচ করা হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। সহকারী হিসেবে পেয়েছেন তার সাবেক দুই সতীর্থ আসাদ শফিক ও উমর গুল। আসাদ ব্যাটিং ও গুল বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া সরফরাজের নেতৃত্বে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আজান, ইমাম-উল-হক, ঘোরি, নোমান আলী ও সাজিদ খান বর্তমানে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) লাল বলের ক্যাম্পে আছেন। এছাড়া দলে থাকা থাকা বেশির ভাগ ক্রিকেটারই খেলছেন পিএসএলে।

পিসিবির বিবৃতিতে জানানো হয়, আগামী ২৭ এপ্রিল করাচিতে একটি বিশেষ ক্যাম্প করবে পাকিস্তান। ১ মে ক্যাম্প শেষ করে পরদিন বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে দল।

আগামী ৮ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিলেটে দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ১৬ মে।

বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট দল:

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল শাহিন শাহ আফ্রিদি।

মন্তব্য করুন: