ব্যাটারদের জন্য কাজ আরও সহজ করতে চান শরিফুল
১৯ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় অনভিজ্ঞ নিউ জিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে এখন সিরিজ বাঁচানোর জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এর আগে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম জানালেন, বোলাররা প্রথম ম্যাচে আরও ভালো বোলিং করতে পারলে ব্যাটারদের জন্য কাজটা সহজ হতো।
গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে বোলারদের নৈপুণ্যে নিউ জিল্যান্ডকে আড়াইশর আগেই আটকে রেখেছিল বাংলাদেশ। কিন্তু ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় মিডল-অর্ডারদের ব্যর্থতায় ২১ রানে হেরে যায় স্বাগতিকরা।
সেই ম্যাচে দলের সেরা বোলার ছিলেন শরিফুল। ১০ ওভারে ২৭ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬৫ বলে কোনো রানই নিতে পারেনি নিউ জিল্যান্ড ব্যাটাররা। এরকম পারফরম্যান্সের পরও আরও ভালো বোলিংয়ের তাগিদ অনুভব করছেন শরিফুল।
দ্বিতীয় ওয়ানডের আগে রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, “হেরে গেলে আমাদেরও খারাপ লাগে ব্যাটসম্যানদেরও খারাপ লাগে।”
“আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো তাদের জন্য সহজ হতো। পরের ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদের সমর্থন দেবে। আমরাও তাদের সাপোর্ট দেব দলগতভাবে আমরা ম্যাচ জিতব। ক্রিকেট খেলায় এ রকম আসেই এক বিভাগ ভালো করে, অন্য বিভাগ ব্যর্থ হয়। এটা নিয়ে আমরা আশাবাদী যে পরের ম্যাচে ভালো করব।”
আইপিএল ও পিএসএলে ব্যস্ততার কারণে এবারের সফরে নিউ জিল্যান্ড দলের অধিকাংশ মূল ক্রিকেটাররা নেই। ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক দিয়ে সফরে আসা কিউই ক্রিকেটারদের চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ দল। কিন্তু সিরিজ শুরুর আগে কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাদেরকে পূর্ণশক্তির দলের মতোই সমীহ করার জানিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচের আগে তাদের সুরেই কথা বললেন শরিফুলও।
“আন্তর্জাতিক দলের কোনো সময় দ্বিতীয় দল, তৃতীয় দল বলে কিছু নেই। তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেই আন্তর্জাতিকে এসেছে। এখনও আমাদের হাতে দুটি ম্যাচ আছে। আমাদের ওই সামর্থ্য আছে যে আমরা ঘুরে দাঁড়াতে পারব।”
“একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল। আমরাও ভালো দল। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।”
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় দ্বিতীয় ওয়ানডে শুরু হবে।















মন্তব্য করুন: