শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হারাল বাংলাদেশের মেয়েরা

২০ এপ্রিল ২০২৬

শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হারাল বাংলাদেশের মেয়েরা

শারমিন আক্তারের ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয়ের পথেই ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু লক্ষ্য তাড়ার শেষ দিকে ১১ বলের ভেতর ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। তবে এরপর আর কোনো বিপদ বাড়েনি। ৩ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার রাজশাহীতে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে ২০৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।

ক্যারিয়ারের একাদশ ফিফটিতে ১২৭ বলে ১৩ চারে ৮৬ রানের ইনিংসে ম্যাচসেরা হন শারমিন।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে এটি বাংলাদেশের প্রথম জয়। আগের পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছিল তারা। বাকি দুই ম্যাচ বৃষ্টির বাধায় কোনো ফল ছাড়াই শেষ হয়।

ছেলে কিংবা মেয়েদের আন্তর্জাতিক পর্যায়ে এবারই প্রথম কোনো ম্যাচ অনুষ্ঠিত হলো শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইমেশা দুলানির ৫২ ও হানসিমা করুণাত্নের ৫৪ রানের সুবাদে বড় সংগ্রহের ভিত পায় লঙ্কানরা। তবে সোবাহানা মোস্তারি করুণাত্নেকে তুলে নেওয়ার পর আর বেশি দূর যেতে পারেনি তারা।

ডানহাতি পেসে ৩৬ রানে ৩ উইকেট নেন রিতু মনি। বাঁহাতি স্পিনে নাহিদা আক্তার নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে ৫ রানের ভেতর দুই ওপেনার শারমিন সুলতানা (৫) ও জুয়াইরিয়া ফেরদৌসকে (০) হারায় তারা। অধিনায়ক জ্যোতিও (১৩) টেকেননি বেশিক্ষণ।

তৃতীয় উইকেটে শারমিন ও সোবহানার ব্যাটে জয়ের ভিত পায় স্বাগতিকরা। ৬৪ বলে ফিফটি পূর্ণ করেন শারমিন। কিন্তু ৪১ রান করা মোস্তারি চোট নিয়ে মাঠ ছাড়লে থামে তাদের ৮৭ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন শারমিন। এরপরই ঘটে ছন্দপতন।

৪৫তম ওভারে জয় থেকে ৭ রান দূরে থাকতে স্টাম্পিং হয়ে ফেরেন শারমিন। পরের ওভারে সাজঘরের পথ দেখেন স্বর্ণাও (৩৫)। সেই ওভারের শেষ বলে আউট হন রিতু (০)। পরের বলে ফেরেন রাবেয়া খান (১)। তবে ১ রানে ৪ উইকেট হারালেও আর কোনো বিপদ ছাড়া লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

মন্তব্য করুন: