সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডের দলে তানজিম

২০ এপ্রিল ২০২৬

সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডের দলে তানজিম

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য তানজিম হাসান সাকিবকে দলে নিয়েছে বাংলাদেশ। এছাড়া দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি।

সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দলের সদস্য সংখ্যা হলো ১৬ জন।

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে গত মাসের ওয়ানডে সিরিজের দলে না থাকা তানজিম সাম্প্রতিক সময়ে সাদা বলের দলের নিয়মিত মুখ। ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১৫ ওয়ানডেতে ২৪ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ১১ ইনিংসে করেছেন ১৫১ রান, সর্বোচ্চ ৪৫ রান।

গত অক্টোবরে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন তানজিম। সেই ম্যাচে ৭ ওভারে ৩৫ রানে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

গত শুক্রবার মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে মিডল-অর্ডারের ব্যর্থতায় দুর্বল নিউ জিল্যান্ডের কাছে ২১ রানে হেরেছিল বাংলাদেশ। সোমবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নাহিদ রানার পেস তোপের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরে মেহেদী হাসান মিরাজের দল।

নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

মন্তব্য করুন: