নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে নেই মুস্তাফিজ-তাসকিন-নাহিদ
২১ এপ্রিল ২০২৬
চমক রেখে নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে গতিতারকা নাহিদ রানাকে।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় ডাক পেয়েছেন পেস বোলিং-অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া দলে জায়গা হয়েছে ডানহাতি পেসার রিপন মন্ডলের।
২৮ বছর বয়সী সাকলাইন ঘরোয়া ক্রিকেটে টি-টুয়েন্টি দুর্দান্ত ছন্দে আছেন। ২৫ ম্যাচে ডানহাতি এই পেসারের শিকার ২৪ উইকেট। সবশেষ বিপিএলে রাজশাহীর হয়ে ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া লোয়ার-অর্ডারে বড় শট খেলাতেও পারদর্শী তিনি। টি-টুয়েন্টিতে ১০ ইনিংসে তার স্ট্রাইক রেট ১৩৪ দশমিক ৩২।
অন্যদিকে ২০২৩ সালের এশিয়ান গেমসে তিনটি টি-টুয়েন্টি খেলার রিপন এবার মূল জাতীয় দলে ডাক পেয়েছেন। ডেথ ওভারে দারুণ বোলিং ও ধারাবাহিকতার পুরস্কার হিসেবে ২৩ বছর বয়সী এই পেসারকে দলে নেওয়ার কথা জানায় বিসিবি।
এখন পর্যন্ত খেলা ৩৬ টি-টুয়েন্টিতে রিপনের শিকার ৫৯ উইকেট। রাজশাহীর হয়ে সবশেষ বিপিএলে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তিনি।
আগামী ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টুয়েন্টিতে বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।















মন্তব্য করুন: