গতির ঝড় তুলে টানা ২ সিরিজের সেরা নাহিদ

২৩ এপ্রিল ২০২৬

গতির ঝড় তুলে টানা ২ সিরিজের সেরা নাহিদ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগেও ওয়ানডে দলে নিয়মিত ছিলেন না নাহিদ রানা। তবে গত মার্চে হওয়া সেই সিরিজ থেকে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ডানহাতি এই ফাস্ট বোলার। পেসারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে টানা দুই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হন নাহিদ। এর আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও ৮ উইকেট নিয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরা হয়েছিলেন ২৩ বছর বয়সী এই পেসার।

বাংলাদেশের পেসারদের মধ্যে আগে দুইবার সিরিজ সেরা হওয়ার নজির ছিল কেবল মাশরাফি বিন মর্তুজার।

২০২৪ সালের নভেম্বরে ওয়ানডেতে অভিষেক হওয়া নাহিদের ১১ ম্যাচে ২৪ গড়ে ২১ উইকেট নিয়েছেন। ক্যারিয়ার সেরা ২৪ রানে ৫ উইকেট, গত মার্চে পাকিস্তানের বিপক্ষে। ৫ উইকেট নিয়েছেন দুইবার। ওভারপ্রতি রান দিয়েছেন ৪ দশমিক ৯৯ করে। এর মধ্যে চলতি বছর খেলা ছয় ম্যাচে তার শিকার ১৬ উইকেট।

গত শুক্রবার মিরপুরে পেসারদের নৈপুণ্যে প্রথম ম্যাচে দুর্বল নিউ জিল্যান্ডকে আড়াইশর মধ্যে আটকে রেখে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু মিডল-অর্ডারদের ব্যর্থতায় ২১ রানে হেরে যায় স্বাগতিকরা। সেদিন অবশ্য দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন নাহিদ। দলের একমাত্র বোলার হিসেবে ওভারপ্রতি সাড়ে পাঁচের ওপর রান দিয়ে ৬১ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

তবে সোমবার বাংলাদেশকে সিরিজে সমতায় ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদ। মিরপুরের তীব্র গরমে কিউইদের ওপর রীতিমত আগুনের গোলা ছোঁড়েন তিনি। পুরো ১০ ওভারে মাত্র একটি ডেলিভারি ছাড়া বাকি সবগুলোই ঘণ্টায় ১৪০ বা তার চেয়ে বেশি গতিতে ছুঁড়েছিলেন এই পেসার। ৩২ রানে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নেন ৫ উইকেট। সফরকারীরা গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশ ম্যাচ জেতে ৬ উইকেটে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাহিদ।

সিরিজ নির্ধারণী ম্যাচেও গতির ঝড় বজায় রাখেন তিনি। মুস্তাফিজুর রহমানের ৫ উইকেট শিকারের দিনে ১০ ওভারে ৩৭ রানে ২ উইকেট নেন নাহিদ।

মন্তব্য করুন: